ঈদ পর্যন্ত নিত্যপণ্যের মূল্য নির্ধারণ চেয়ে হাইকোর্টে রিট

আপডেট : ২৬ জুলাই ২০১৯, ০০:২৮

ঈদুল আজহা পর্যন্ত সরকারিভাবে পেঁয়াজসহ নিত্যপণ্যের সর্বোচ্চ মূল্য নির্ধারণ ও ঘোষণা করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। বিচারপতি এফআরএম নাজমুল আহসানের নেতৃত্বাধীন হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এ আবেদনের ওপর শুনানি হতে পারে। বুধবার বেসরকারি ভোক্তা অধিকার সংস্থা ‘কনসাস কনজ্যুমার্স সোসাইটি’ (সিসিএস)-এর পক্ষে নির্বাহী পরিচালক পলাশ মাহমুদ বাদী হয়ে এই রিট করেন।

রিটে বলা হয়েছে, ঈদ সামনে রেখে সম্প্রতি অনৈতিক ও অবৈধ সিন্ডিকেট করে বেআইনিভাবে পণ্যের মূল্য বৃদ্ধি করা হয়েছে। বিশেষত পেঁয়াজের পর্যাপ্ত মজুত থাকার পরও মূল্য দ্বিগুণ করা হয়েছে। ফলে ভোক্তাসাধারণ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং হচ্ছে। সম্প্রতি বিভিন্ন সরকারি কর্তৃপক্ষও বিষয়টি স্বীকার করে গণমাধ্যমে বক্তব্য দিয়েছে। কিন্তু এ বিষয়ে কোনো সরকারি কর্তৃপক্ষকে ফলপ্রসূ পদক্ষেপ নিতে দেখা যায়নি। প্রতিবছর রোজা ও ঈদের আগে একই পরিস্থিতির সৃষ্টি হয়। খাদ্যসচিব, বাণিজ্যসচিব, স্থানীয় সরকারসচিব, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের (ডিএনসিআরপি) মহাপরিচালক ও ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) চেয়ারম্যানকে বিবাদী করা হয়েছে রিটে।