ভারতে যাওয়ার সময় বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় অস্ত্র ও মাদকসহ একাধিক মামলার আসামি শাহজাহান নামে এক পাসপোর্টধারী যাত্রীকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ আটক করেছে। তিনি আলোচিত ইয়াবা কারবারি ও সাবেক এমপি আব্দুর রহমান বদির ভাইয়ের ছেলে। তিনি টেকনাফ থানার শ্রমিক লীগেরও সভাপতি। আটক শাহজাহান কক্সবাজার জেলার টেকনাফ থানার লেংগোবিল গ্রামের জাফর আহমেদের ছেলে।
ইমিগ্রেশন থানা পুলিশ জানায়, তার নামে অস্ত্র, মাদকসহ একাধিক মামলা রয়েছে। তার বিদেশ যাওয়ায় নিষেধাজ্ঞা রয়েছে। তিনি বেনাপোল ইমিগ্রেশন হয়ে ভারত যাওয়ার সময় তাকে আটক করা হয়। তাকে বেনাপোল পোর্ট থানায় পাঠানো হয়েছে।
নাভারন সার্কেল এএসপি জুয়েল ইমরান আটকের সত্যতা নিশ্চিত করেছেন। বেনাপোল পোর্ট থানার ওসি আবু সালেহ মাসুদ করিম বলেন, তার পাসপোর্ট ব্লক ছিল। তাই ইমিগ্রেশন পুলিশ আটক করে থানায় হস্তান্তর করেছে।
