ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে ঢাকা পল্লী বিদ্যুত্ সমিতি-৩ কর্তৃক সাভারে চলছে প্রিপেইড মিটার সংযোগ স্থাপনের কাজ। ইতিমধ্যে প্রায় ৫০ হাজার প্রিপেইড মিটার স্থাপন করা হয়েছে। বর্তমানে ঢাকা পবিস-৩ এর গ্রাহক সংখ্যা প্রায় ৩ লাখ ৬০ হাজার। আগামী ডিসেম্বরের মধ্যে এ সমিতির আওতায় ১ লাখ ৩০ হাজার প্রিপেইড মিটার স্থাপনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
সাভার উপজেলায় চলমান প্রিপেইড মিটার স্থাপন কার্যক্রম সরকারি লক্ষ্যমাত্রার আলোকে দ্রুত এগিয়ে নেওয়ার অংশ হিসেবে বুধবার সকালে স্থানীয় সংসদ সদস্য ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান এবং পৌর মেয়র আ. গণির আবাসিক বাসভবনে প্রিপেইড মিটারের সংযোগ দেওয়া হয়। তাদের হাতে প্রিপেইড মিটারের কার্ড তুলে দেন ঢাকা পল্লী বিদ্যুত্ সমিতি-৩ এর সিনিয়র জেনারেল ম্যানেজার প্রকৌশলী মো. হারুন। এসময় প্রতিমন্ত্রী এ কার্যক্রমকে এগিয়ে নেয়ার জন্য বিদ্যুত্ বিভাগকে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।
