সাত কলেজের অধিভুক্তি বাতিল আন্দোলন

সমস্যা সমাধানে কমিটি, ক্লাসে ফিরলেন শিক্ষার্থীরা

আপডেট : ২৬ জুলাই ২০১৯, ০০:৩১

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজ নিয়ে সৃষ্ট সমস্যা সমাধানে ১০ সদস্য বিশিষ্ট সুপারিশ কমিটি গঠন করায় ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচি থেকে সরে এসেছেন আন্দোলনকারীরা। গতকাল বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এই ঘোষণা দেওয়া হয়। এর আগে একটি বিক্ষোভ মিছিল ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

আন্দোলনকারীদের মুখপাত্র শাকিল মিয়া সংবাদ সম্মেলনে বলেন, ‘কর্তৃপক্ষের আশ্বাসে আমরা ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচি থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তবে অন্যান্য কর্মসূচি চলমান থাকবে। প্রশাসনের দেওয়া আশ্বাসকে পর্যবেক্ষণে রেখে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।’ এসময় আগামী রবিবার রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দিতে যাওয়ার কথা জানিয়ে তিনি বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি সাত কলেজের অধিভুক্তি বাতিল না করে বা কালক্ষেপণ করে, তাহলে আবার কঠোর আন্দোলনে যাবেন তারা।

এর আগে গত বুধবার বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদকে আহ্বায়ক করে কমিটি গঠন করা হয়। কমিটিকে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে কলেজ অধিভুক্তির বিষয়ে সুপারিশ দিতে বলা হয়েছে।

৩ দফা প্রস্তাব ছাত্রফ্রন্টের: অধিভুক্ত সমস্যার স্থায়ী সমাধানে তিন দফা প্রস্তাব দিয়েছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট। গতকাল মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে তারা এই প্রস্তাব তুলে ধরে। প্রস্তাবনাগুলো হলো : আশু সমাধান হিসেবে ৭ কলেজের অ্যাকাডেমিক ও প্রশাসনিক কর্মকাণ্ড ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সম্পূর্ণ পৃথক করতে হবে। স্থায়ী সমাধান হিসেবে ৭ কলেজের মধ্যে প্রধান কলেজগুলোকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করে অন্য কলেজগুলোকে তার অধিভুক্ত করতে হবে। সকল প্রকার বাণিজ্যিক কোর্স বন্ধ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়মিত ছাত্রদের শিক্ষার মান উন্নত করতে হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক রাশেদ শাহরিয়ারসহ বিশ্ববিদ্যালয় শাখার নেতৃবৃন্দ।