পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি গ্রেপ্তার

আপডেট : ১৪ আগস্ট ২০২৫, ১০:১০

রাজবাড়ীর পাংশা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার সাইফুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বুধবার (১৩ আগস্ট) রাতে রাজবাড়ী সদর উপজেলার বড়পুল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, চলতি বছরের ফেব্রুয়ারিতে পাংশা মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে পুলিশ বাদী হয়ে একটি মামলা করে। ওই মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন খন্দকার সাইফুল ইসলাম। 

গতকাল রাত সোয়া আটটার দিকে রাজবাড়ী সদর থানা-পুলিশ তাকে গ্রেপ্তার করে। গত বছরের ৫ আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।

খন্দকার সাইফুল ইসলাম পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়ন পরিষদের একাধিকবার নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। তিনি রাজবাড়ী-২ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক রেলমন্ত্রী জিল্লুল হাকিমের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব বলেন, ‘নিরাপত্তার স্বার্থে বর্তমানে তাকে রাজবাড়ী সদর থানায় হেফাজতে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আজ বৃহস্পতিবার আদালতে পাঠানো হবে। রাজবাড়ী জেলা পুলিশের পাশাপাশি সব থানা-পুলিশ নিয়মিত অভিযান চালাচ্ছে। আরও কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে বিস্তারিত জানানো হবে।’

ইত্তেফাক/পিএস