বিমসটেকের অগ্রযাত্রায় সহায়তা অব্যাহত থাকবে ভারতের —এস জয়শঙ্কর

আপডেট : ২৬ জুলাই ২০১৯, ০০:৩৩

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল, টেকনিক্যাল এন্ড ইকোনমিক কোঅপারেশন বা বিম?সটেক এর অগ্রযাত্রায় ভারতের সহায়তা অব্যাহত থাকবে। বিমসটেকের প্রাতিষ্ঠানিক সংস্কারের কথা উল্লেখ করে তিনি বলেন, অদূর ভবিষ্যতে আরো ভালো ফল দিতে সক্ষম হবে সংস্থাটি। মঙ্গলবার নয়াদিল্লিতে বিমসটেকের মহাসচিব রাষ্ট্রদূত এম শহীদুল ইসলামের সঙ্গে সাক্ষাত্কালে তিনি এ কথা বলেন। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় কয়েকটি দেশকে নিয়ে গঠিত আঞ্চলিক জোট বিমসটেক।

জয়শঙ্কর বলেন, প্রতিবেশীদের প্রতি ভারত জোর দিচ্ছে— বিশেষ করে পররাষ্ট্র নীতিতে পূর্বের দেশগুলোকে গুরুত্ব দেওয়া হচ্ছে। বিমসটেক দেশগুলোর মধ্যে ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে। এই অঞ্চলের সমন্বিত উন্নয়নের ব্যাপারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সবচেয়ে সোচ্চার। গতকাল ঢাকাস্থ বিমসটেক সচিবালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিমসটেকের সদস্যগুলো হলো-বাংলাদেশ, ভুটান, ভারত, মিয়ানমার, নেপাল, শ্রীলঙ্কা এবং থাইল্যান্ড।