ডেঙ্গু জ্বর নির্ণয়ে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোর অতিরিক্ত ফি আদায় করছে কি না বা করলে তদন্ত সাপেক্ষে কি ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানাতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সোমবারের মধ্যে বিষয়টি আদালতকে অবহিত করতে রাষ্ট্রপক্ষের আইনজীবীকে বলা হয়েছে। বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গতকাল বৃহস্পতিবার এ আদেশ দেন।
আদালত বলেন, ফি নেওয়ার বিষয়ে কিছুটা তারতম্য হতে পারে। তবে সেটা যেন আকাশ-পাতাল পার্থক্য না হয়। এ পর্যায়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার আব্দুল্লাহ আল মাহমুদ বাশার বলেন, বেসরকারি হাসপাতাল-ক্লিনিকগুলোকে কোনোভাবেই ফাইভ-স্টার হোটেলের মতো হতে দেওয়া যাবে না। রোগীদের কাছ থেকে যেন সহনীয় পর্যায়ে ফি নেওয়া হয় সেটা নিশ্চিত করা দরকার।
‘ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি’ শিরোনামে একটি প্রতিবেদন জাতীয় দৈনিকে প্রকাশিত হয়। ঐ প্রতিবেদনে বলা হয়, কিছু বেসরকারি হাসপাতাল এ পরীক্ষার জন্য বেশি টাকা নিচ্ছে। একটি বড়ো হাসপাতালের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানিয়েছে, তারা আড়াই হাজার টাকা নিচ্ছেন। ধানমন্ডির গ্রীন রোড এলাকার কিছু হাসপাতাল নিচ্ছে এক হাজার ৫০০ থেকে এক হাজার ৭০০ টাকা। ধানমন্ডির একটি হাসপাতাল কিছুদিন আগেও নিয়েছে ৭০০ টাকা। হঠাত্ তারা এ পরীক্ষার ফি দ্বিগুণ করেছে। পান্থপথের একটি হাসপাতাল নিচ্ছে ১০০০ টাকা। প্রতিবেদনটি আদালতের নজরে আনেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোশতাক আহমেদ চৌধুরী। শুনানি নিয়ে হাইকোর্ট উপরোক্ত আদেশ দেয়।
