ভারতের কিংবদন্তি ব্যাটার শচীন টেন্ডুলকারের ছেলে অর্জুন টেন্ডুলকার। বাবার মতো ক্রিকেটার হলেও নিজেকে এখনও মেলে ধরতে পারেননি পেসার অর্জুন। তবে জীবনের নতুন ইনিংস শুরু করতে যাচ্ছেন শচীনপুত্র। এরই মধ্যে বাগদান সম্পন্ন করেছেন তিনি।
জানা গেছে, গত বুধবার মুম্বাইয়ের পরিচিত ব্যবসায়ী রবি ঘাইয়ের নাতনি সানিয়া চান্দোকের সঙ্গে বাগদান পর্ব সেরেছেন অর্জুন। এতে দুই পরিবারের ঘনিষ্ঠজন এবং বন্ধুবান্ধব উপস্থিত ছিলেন।
ভারতে খাদ্য প্রক্রিয়াকরণ এবং হোটেল শিল্পে মুম্বাইয়ের ঘাই পরিবার পরিচিত নাম। ইন্টারকন্টিনেন্টাল হোটেল এবং ব্রুকলিন ক্রিমারি আইসক্রিম ব্র্যান্ডের মালিক ঘাই পরিবার। এছাড়া সানিয়া নিজেও ব্যবসায়ী। তার নিজের একাধিক সংস্থা রয়েছে। এ ছাড়া পারিবারিক ব্যবসার দায়িত্বও সামলান।
সামাজিক যোগাযোগমাধ্যমে খুব একটা সক্রিয় নন সানিয়া। বেশ কিছুদিন ধরে তিনি এবং অর্জুন সম্পর্কে ছিলেন বলে জানা গিয়েছে। দুই পরিবারের সম্মতিতে বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন তারা।
উল্লেখ্য, বাঁহাতি পেসার হিসেবে ক্রিকেট ক্যারিয়ার শুরু করেন অর্জুন টেন্ডুলকার। ২০২০ মৌসুমে মুম্বাইয়ের হয়ে তার ঘরোয়া ক্রিকেটে অভিষেক হয়। ভারতীয় অনূর্ধ্ব- ১৯ দলেও খেলেছেন শচীনপুত্র। আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স স্কোয়াডে রয়েছেন। তবে প্রথম একাদশে তাকে নিয়মিত দেখা যায় না।

