চার বলে চার ছক্কা সাইফউদ্দিনের

জিম্বাবুয়েকে ১৮৭ রানের লক্ষ্য ছুড়ে দিলো বাংলাদেশ

আপডেট : ১৭ জুলাই ২০২৬, ১৯:০৫

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে এক অনন্য ইতিহাস গড়লেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে টানা চার বলে চারটি ছক্কা মারার ঐতিহাসিক কীর্তি গড়েন তিনি। জিম্বাবুয়ের বোলার ব্রাড ইভান্সের করা ইনিংসের শেষ ওভারে এই তাণ্ডব চালান সাইফউদ্দিন।

সাইফউদ্দিনের মাত্র ১০ বলে ৩১ রানের টর্নেডো ইনিংসে ভর করে নির্ধারিত ২০ ওভার শেষ ১৮৬ রান তোলে বাংলাদেশ। জিম্বাবুয়ের জয়ের জন্য প্রয়োজন ১৮৭ রান।

তানজিদ হাসান তামিম ও সাইফ হাসানের শতরানের ওপেনিং জুটিতে দুর্দান্ত শুরু পায় বাংলাদেশ। দু’জন মিলে গড়েন ১২০ রানের জুটি। কিন্তু এক ওভারের ব্যবধানে এ দু’জনের বোল্ড হওয়ার পরই বদলে যায় বাংলাদেমের ব্যাটিংয়ের চিত্র। একে একে ৫টি উইকেট হারিয়ে বসে।

এতে বড় সংগ্রহ পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। ম্যাচের হাল ধরেন ইয়াসির আলি রাব্বি ও সাইফউদ্দিন। শেষ ওভারে প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে টি-টোয়েন্টিতে টানা ৪ ছক্কা হাঁকান সাইফউদ্দিন। এতে জিম্বাবুয়েকে বড় লক্ষ্য ছুড়ে দিয়েছে টাইগাররা।

বুলাওয়েওর কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের বিপক্ষে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৮৬ রান করেছে বাংলাদেশ। সর্বোচ্চ ৪৪ বলে ৫৮ রান করেন তামিম। শেষদিকে ১০ বলে ৩১ রানের দুর্দান্ত ক্যামিও খেলেন সাইফউদ্দিন।

জিম্বাবুয়ের বোলারদের মধ্যে রিচার্ড এনগারাভা ও অধিনায়ক সিকান্দার রাজা ২টি করে উইকেট নেন। তবে স্বাগতিকদের ফিল্ডিং ছিল বেশ হতাশাজনক। ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে একাধিক ক্যাচ মিস এবং ফিল্ডিং মিসের চড়া খেসারত দিতে হয়েছে জিম্বাবুয়ের বোলারদের।

 
ইত্তেফাক/ এমএসআর