পরাজয়ের পতাকাতলে জীবন কাটাবেন না

আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৮, ০০:২৩

যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির ৭৯তম জন্মবার্ষিকী গতকাল মঙ্গলবার যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকাল ৮টায় বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, সকাল সাড়ে ৮টায় বনানী কবরস্থানে শহীদ শেখ ফজলুল হক মনির কবরে পুষ্পার্ঘ্য অর্পণ ও ফাতেহা পাঠ এবং সকাল ১০টায় রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতির বক্তব্যে যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী বলেন, বিএনপি বলছে রিটার্নিং অফিসাররা নাকি সত্ মায়ের ভূমিকা রাখছে, হেভিওয়েট প্রার্থীদের নির্বাচনের বাইরে রাখার চেষ্টা করছে। বিএনপি জানে, দুর্নীতির অপরাধে অপরাধী, দণ্ডিত ব্যক্তিরা নির্বাচনে অংশ নিতে পারে না, তাহলে কেন বিএনপি তাদের মনোনয়ন দিল? এটা কি দলের অযোগ্যতা না ব্যক্তির? বিএনপির অযোগ্যতা কেন নির্বাচন কমিশনের ঘাড়ে চাপাতে চাচ্ছে?

যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ হারুনুর রশীদ এর পরিচালনায় আরো বক্তব্য রাখেন যুবলীগ প্রেসিডিয়াম সদস্য শহীদ সেরনিয়াবাত, মুজিবুর রহমান চৌধুরী, মোঃ ফারুক হোসেন, আব্দুস সাত্তার মাসুদ, অধ্যাপক এবিএম আমজাদ হোসেন, শেখ আতিয়ার রহমান দিপু, আনোয়ারুল ইসলাম, যুগ্ম সম্পাদক মহিউদ্দিন আহম্মেদ মহি, সুব্রত পাল, নাসরিন জাহান শেফালী, সাংগঠনিক সম্পাদক আমির হোসেন গাজী, সম্পাদক মণ্ডলীর সদস্য কাজী আনিসুর রহমান, মিজানুল ইসলাম মিজু, ঢাকা মহানগর উত্তর সভাপতি মাইনুল হোসেন খান নিখিল, দক্ষিণ সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট, উত্তর সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন প্রমুখ।