ঠাকুরগাঁওয়ের হরিপুরে নির্যাতনে অতিষ্ঠ হয়ে মাদকাসক্ত ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছেন এক মা। মাদকসেবনরত অবস্থায় আটক হওয়ায় ভ্রাম্যমাণ আদালত তাকে ৬ মাসের কারাদণ্ড দেন। হরিপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিকাশ চন্দ্র বর্মণ এ তথ্য নিশ্চিত করেছেন।
বুধবার (১৩ আগস্ট) বিকেল ৪টার দিকে হরিপুর উপজেলার দেহট্ট গ্রামে এ ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত আনোয়ার হোসেন (৩০) দেহট্ট গ্রামের তসলিম উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, আনোয়ার হোসেন একজন মাদকাসক্ত। তিনি নিয়মিত মাদকসেবন করে মা ও বউয়ের ওপর শারীরিক নির্যাতন চালাতেন। প্রতিদিনের মতো মঙ্গলবার (১২ আগস্ট) রাতেও মাদকসেবন করে বাসায় ফিরে মা ও বউয়ের ওপর শারীরিক নির্যাতন চালান এবং টাকা না দেওয়ায় ঘরের আসবাবপত্র ভাঙচুর করেন।
এ অবস্থায় অত্যাচার সহ্য করতে না পেরে হরিপুর থানায় লিখিত অভিযোগ করেন তার মা। অভিযোগের প্রেক্ষিতে মাদকাসক্ত অবস্থায় পুলিশ তাকে আটক করে। পরে হরিপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিকাশ চন্দ্র বর্মণ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযুক্ত আনোয়ার হোসেনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেন।
এ বিষয়ে হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিকাশ চন্দ্র বর্মণ বলেন, অভিযুক্ত আনোয়ার হোসেনের মায়ের অভিযোগের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অর্থদণ্ডসহ ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
