মেঘনায় সাড়ে ১৮ হাজার বস্তা সিমেন্ট নিয়ে ডুবে গেল জাহাজ

আপডেট : ১৪ আগস্ট ২০২৫, ১৯:৩৮

চাঁদপুরে মেঘনা নদীতে ১৮ হাজার বস্তা সিমেন্ট বোঝাই এমভি চাঁদতারা নামে একটি কার্গো জাহাজডুবির ঘটনা ঘটেছে। অপর কার্গো জাহাজ এমভি জামালের ধাক্কায় ডুবে যায় এমভি চাঁদতারা। তবে দুর্ঘটনাকবলিত জাহাজের ৮ জন স্টাফ স্থানীয়দের সহায়তায় নিরাপদে তীরে উঠতে সক্ষম হয়েছেন।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে এ দুর্ঘটনা ঘটে। এ দিন বিকেলে দুর্ঘটনায় দায়ী জাহাজের বিরুদ্ধে সদর মডেল থানায় মামলা করেছেন ডুবে যাওয়া জাহাজের মাস্টার।

দুর্ঘটনার শিকার এমভি চাঁদতারার মাস্টার মামুন হোসেন জানান, গতকাল বুধবার দুপুরে নারায়ণগঞ্জে শাহ সিমেন্ট কোম্পানির কারখানা থেকে সিমেন্ট বোঝাই করে মেঘনা নদী পাড়ি দেন। পরে সন্ধ্যা হওয়ায় চাঁদপুর সদরের রনাগোয়াল এলাকার পাশে নদীতে নোঙর করেন। আজ বৃহস্পতিবার সকালে যশোরের নোয়াপাড়ার উদ্দেশে রওনা দিলে নদীতে তীব্র স্রোতের কবলে পড়ে এমভি চাঁদতারা। এ সময় পাশের জাহাজ এমভি জামালের সঙ্গে ধাক্কা লাগে। একপর্যায়ে জাহাজের ডেকের অংশের তলা ফেলে ডুবে যায়।ফলে সাড়ে ১৮ হাজার বস্তা সিমেন্ট পানিতে জমাট বেধে নষ্ট হয়ে যায়।

তিনি আরও জানান, নদীতে তীব্রস্রোত থাকার পরও অপর জাহাজ এমভি জামালের মাস্টার বেপরোয়া গতিতে ওই জাহাজ চালানোর কারণে এমন দুর্ঘটনা ঘটেছে। তাই ওই জাহাজের মাস্টারসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা করেছি।

ওই এলাকার বাসিন্দা আব্দুল কাদের জানান, সকালে তিনিসহ আরও কয়েকজন নদীপাড়ে ছিলেন। এ সময় দুর্ঘটনার শিকার জাহাজের স্টাফদের একটি নৌকা নিয়ে উদ্ধার করেন। 

নৌ পুলিশ হরিনাঘাট ফাঁড়ির উপপরিদর্শক দাদন মিয়া জানান, স্থানীয়দের সহায়তায় ডুবে যাওয়া জাহাজের স্টাফদের নিরাপদে সরিয়ে আনা হয়েছে। চাঁদপুর কোস্ট গার্ডের সদস্যরা দুর্ঘটনাস্থলে পৌঁছে ডুবে যাওয়া জাহাজের অবস্থান শনাক্ত করেছে।

বিআইডব্লিউটিএর উপপরিচালক ও বন্দর কর্মকর্তা বশির আলী খান জানান, যেখানে সিমেন্টবোঝাই কার্গো জাহাজ ডুবেছে, তা ঝুঁকিমুক্ত অর্থাৎ নৌ চ্যানেলের বাইরে। এরই মধ্যে বয়া দিয়ে মার্ক করে রাখা হয়েছে। যাতে পরবর্তীতে উদ্ধারকাজে সহায়তা হয়।

ইত্তেফাক/এমএএস