শুক্রবার ঢাকা-আশুলিয়া রুটে ১৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

আপডেট : ১৫ আগস্ট ২০২৫, ০৩:০০

ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের আওতায় পাইপলাইন স্থানান্তর কাজের জন্য শুক্রবার (১৫ আগস্ট) সকাল ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত মোট ১৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

তিতাস গ্যাসের বিজ্ঞপ্তি অনুযায়ী, আশুলিয়া টিবিএস থেকে বাইপাইল পর্যন্ত ১২ ইঞ্চি ব্যাসের পাইপলাইনে কাজ চলায় ঢাকা ইপিজেড, কাশিমপুর, সারদাগঞ্জ, হাজী মার্কেট, শ্রীপুর, কাঠগড়া, জিরাবো, গাজীরচট, নয়াপাড়া, দেওয়ান ইদ্রিস সড়কের দুই পাশে এলাকায় গ্যাস থাকবে না।

এইসব এলাকাসহ আশপাশে গ্যাসের স্বল্পচাপ বা গ্যাস না থাকার সমস্যাও দেখা দিতে পারে, যা ভোগান্তিতে ফেলতে পারে আবাসিক, বাণিজ্যিক ও শিল্পগ্রাহকদের।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে এবং গ্যাস-সংক্রান্ত যেকোনো কার্যক্রমে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে।

ইত্তেফাক/এএম