আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, গ্রেপ্তার ৩

আপডেট : ১৫ আগস্ট ২০২৫, ১৫:৪২

বগুড়ায় চুরির মামলার এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে তিন গোয়েন্দা পুলিশ হামলার শিকার হয়েছেন। বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাত ১০টার দিকে শহরের হাড্ডিপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। জেলা গোয়েন্দা পুলিশের ওসি ইকবাল বাহার এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন- রনি (৩০), শামীম (৬০), ইস্রাফিল হোসেন (৪০), কবির হোসেন (২৪), বেহুলা (৩৫) ও রুবি বেগম।

ওসি ইকবাল বাহার বলেন, শাজাহানপুর থানার একটি চুরির মামলার তদন্তে চকসূত্রাপুর হাড্ডিপট্টি এলাকার রনি নামের এক আসামিকে গ্রেপ্তারের জন্য গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালায়। অভিযান পরিচালনা করেন এসআই স্বপন মিয়া। এ সময় দলে ছিলেন এসআই ফজলুল হক, এএসআই হাসান আলী, এএসআই গোলাম কিবরিয়া এবং কয়েকজন কনস্টেবল।

জানা যায়, রনিকে আটক করার পর তিনি চিৎকার শুরু করেন। তখন পলাতক আসামি শাপলা খাতুন ও তার স্বামী আশিকের নেতৃত্বে ৭০-৮০ জন লাঠি, রড ও ধারালো অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায়।

এ সময় এএসআই হাসান আলী, কনস্টেবল মোদাসের হোসেন ও কনস্টেবল সজীব হোসেন আহত হন বলে জানান ওসি।

পুলিশের ভাষ্য, হামলার সময় শাপলা খাতুন বটি দিয়ে এএসআই হাসানকে কোপানোর চেষ্টা করেন। পরে কনস্টেবল মোদাসেরকে একইভাবে কোপাতে গেলে তিনি বাঁ হাত দিয়ে ঠেকিয়ে গুরুতর জখম হন। তার কনুইয়ের নিচে কেটে যায়। কনস্টেবল সজীবকে লোহার রড দিয়ে আঘাত করলে তার পিঠের বাম পাশে জখম হয়।

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় তিনজনকে গ্রেপ্তার করে।

ওসি ইকবাল বাহার বলেন, হামলায় আমাদের দলের তিন সদস্য আহত হয়েছেন। হামলাকারীরা পুলিশের ওপর প্রাণঘাতী হামলার চেষ্টা করেছিল। স্থানীয়দের সহায়তায় কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে, বাকিদের ধরতে অভিযান চলছে।

ইত্তেফাক/এনটিএম