টোফেলকে নিয়ে ইতিবাচক বিসিবি

আপডেট : ১৫ আগস্ট ২০২৫, ১৬:১২

বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট লিগে আম্পায়ারিং নিয়ে অভিযোগের শেষ নেই। এই জায়গা থেকে উত্তরণের পথ খুঁজছে ক্রিকেট সংস্থা বিসিবি। গেল জুনে এক বোর্ড সভায় অনুমোদন দেওয়া হয়, আইসিসির এলিট প্যানেলের সাবেক আম্পায়ার সাইমন টোফেলকে যুক্ত করার বিষয়ে। বিশ্বখ্যাত এই আম্পায়ার কেবল একা নন, সঙ্গে তার পুরো টিম এসে বাংলাদেশি আম্পায়ারদের প্রশিক্ষণ দেবেন এবং প্রশিক্ষক হিসেবেও গড়ে তুলবেন। 

কিন্তু সবকিছু চূড়ান্ত হলেও চুক্তির অঙ্ক নিয়ে গোল বেঁধেছে। গুঞ্জন ওঠে, বাংলাদেশে আসছেন না টোফেল। তবে গতকাল এই বিষয়ে ইতিবাচক বার্তা দিয়েছেন বিসিবি পরিচালক ও আম্পায়ার কমিটির প্রধান ইফতেখার রহমান মিঠু।

জানা গেছে, তিন বছরের চুক্তির জন্য ৩ কোটি ৩৪ লাখ টাকার ওপরে (২ লাখ ৭৫ হাজার ডলার) চেয়েছিলেন সাইমন টোফেল। আর তার পুরো টিমের জন্য সব মিলিয়ে ৮ কোটি ৩২ লাখ টাকার ওপরে (৬ লাখ ৮৫ হাজার ডলার) চাহিদাপত্র দিয়েছিলেন। কিন্তু বিসিবি এত টাকায় চুক্তি করতে রাজি না হওয়ায় এখনো ঝুলে রয়েছে বিষয়টি।

 

গতকাল ইফতেখার রহমান মিঠু বলেছেন, 'আমরা টোফেলের চুক্তির বিষয়ে এখনো কাজ করছি। তিনি যে টাকা চেয়েছিলেন বিসিবি থেকে তার অর্ধেক দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। এই মুহূর্তে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে এই বিষয়ে কথা হচ্ছে। আশা করছি, ইতিবাচক কিছু জানাতে পারবো।'

২০০৪-২০০৮ সাল পর্যন্ত টানা পাঁচবার আইসিসির বর্ষসেরা আম্পায়ারের পুরস্কার জেতা সাইমন টোফেল দীর্ঘদিন ধরে আম্পায়ারদের উন্নতি নিয়ে কাজ করছেন। বিসিবি সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পরে তাকে যুক্ত করার বিষয়টি সামনে নিয়ে আসেন আমিনুল ইসলাম বুলবুল। 

বিসিবির একটি সূত্র জানিয়েছেন, 'বুলবুল টোফেলকে রাজি করাতে পারলে হয়তো তার চাহিদার চেয়ে কম টাকায় চুক্তি সম্পন্ন হবে। তবে বিসিবি যে টাকার প্রস্তাব দিয়েছিল হয়তো শেষ মুহূর্তে সেটি বাড়াতে হতে পারে।'

ইত্তেফাক/জেডএইচ