সাবেক এমপি জেপি নেতা রফিক চৌধুরী আর নেই

আপডেট : ১৫ আগস্ট ২০২৫, ১৮:২৮

শেরপুর-১ (সদর) আসনের তিনবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য, জাতীয় পার্টি (জেপি) প্রেসিডিয়াম সদস্য এবং শেরপুর জেলার প্রবীণ রাজনীতিক শাহ রফিকুল বারী চৌধুরী ওরফে রফিক চৌধুরী আর নেই।

শুক্রবার (১৫ আগস্ট) দুপুর ১টা ৪৫ মিনিটে জামালপুর শহরের আমলাপাড়া এলাকার নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

নিকটাত্মীয় সাংবাদিক রতন চৌধুরী তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রফিক চৌধুরী দীর্ঘদিন ধরে কিডনি জটিলতা ও ডায়াবেটিসে ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

রফিক চৌধুরী শেরপুর সদর উপজেলার কামারেরচর চৌধুরী বাড়ির সন্তান। ছাত্রাবস্থায় পাকিস্তানের করাচি বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় ওই বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন।

জাতীয় পার্টি থেকে নির্বাচনে অংশ নিয়ে তিনি ১৯৮৬, ১৯৮৮ এবং ১৯৯১ সালে টানা তিনবার শেরপুর-১ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন জাতীয় পার্টির (জেপি) প্রেসিডিয়াম সদস্য এবং শেরপুর জেলা শাখার সভাপতির দায়িত্ব পালন করছিলেন।

রাজনীতির পাশাপাশি তিনি ছিলেন একজন কৃষক, সমাজসেবক এবং শিক্ষা অনুরাগী। তার নেতৃত্বে শেরপুরে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠে এবং অনেক প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষকতা করেছেন তিনি। এলাকায় তিনি একজন দানবীর হিসেবেও ব্যাপক পরিচিত ছিলেন।

ইত্তেফাক/এএইচপি