আলাস্কার উদ্দেশে উড্ডয়নের আগে রাশিয়ান–আমেরিকান সহযোগিতার স্মৃতিসৌধে ফুল দিলেন পুতিন

আপডেট : ১৬ আগস্ট ২০২৫, ০০:৫৯

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বহুল আলোচিত বৈঠকের আগে আলাস্কার উদ্দেশে রওনা হওয়ার পূর্বে দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন রাশিয়া–যুক্তরাষ্ট্র সহযোগিতার স্মারক একটি স্মৃতিসৌধে ফুল দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

মার্কিন যুদ্ধবিমানের সামনে স্থাপিত ভাস্কর্যটি ১৯৪২-৪৫ সালের মধ্যে ‘লেন্ড-লিজ’ কর্মসূচির আওতায় প্রায় আট হাজার মার্কিন যুদ্ধবিমান সোভিয়েত ফ্রন্টে পাঠানোর ঐতিহাসিক আকাশপথ—আলাস্কা থেকে সাইবেরিয়া—স্মরণ করিয়ে দেয়। ভাস্কর্যে দেখা যায়, একটি বিমানের ডানার সামনে করমর্দন করছেন সোভিয়েত ও মার্কিন বৈমানিকরা।

আলাস্কার ফেয়ারব্যাঙ্কসেও একই ধরনের একটি স্মৃতিসৌধ রয়েছে, যেখানে একসময় রাশিয়া ও যুক্তরাষ্ট্র—দুই দেশের পতাকা ছিল। তবে ২০২২ সালের পর থেকে সেখানে শুধু মার্কিন পতাকাই উড়ছে।

রুশ রাষ্ট্রীয় টেলিভিশনের সাংবাদিকদের মতে, ওই স্মৃতিসৌধে আবার রাশিয়ার পতাকা ফেরানো হলে তা হবে একটি গুরুত্বপূর্ণ প্রতীকী বার্তা। মস্কোর লক্ষ্য এই বৈঠকের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে আবারও একটি ‘বড় শক্তি’ হিসেবে স্বীকৃতি লাভ করা, যা এই প্রতীকী বার্তার সঙ্গে মিল রেখেছে।

ইত্তেফাক/এএম