পাকিস্তানে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৯৪

আপডেট : ১৬ আগস্ট ২০২৫, ০২:০০

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে টানা ভারি বৃষ্টিপাত ও আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৯৪ জনে পৌঁছেছে। খাইবার পাখতুনখোয়া এবং আজাদ কাশ্মীর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম জিও নিউজ।

শুক্রবার (১৫ আগস্ট) পাকিস্তানি কর্মকর্তাদের বরাতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, খাইবার পাখতুনখোয়ায় মারা গেছেন ১৮০ জন, আজাদ কাশ্মীরে মৃত্যু হয়েছে আরও ৯ জনের। এছাড়া ২৮ জন আহত হয়েছেন।

প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, মৃতদের মধ্যে ১৫৮ জন পুরুষ, ১৯ নারী ও ১৭ শিশু। বেশিরভাগই মারা গেছেন ভবন ধসে পড়া ও বন্যার পানিতে ভেসে যাওয়ার কারণে।

বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতিও হয়েছে: ১১৬টি বাড়ি পুরোপুরি ধসে পড়েছে, খাইবার পাখতুনখোয়া: ১৪টি সম্পূর্ণ, ৩৪টি আংশিক ধ্বংস, গিলগিট বাল্টিস্তান: ৩টি সম্পূর্ণ, ১৪টি আংশিক, আজাদ কাশ্মীর: ২৮টি সম্পূর্ণ, ২৩টি আংশিক বিধ্বস্ত। ক্ষতিগ্রস্ত হয়েছে মোবাইল ফোন টাওয়ার, সড়কপথ, ও ব্রিজ, ফলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বহু এলাকা।

বন্যা কবলিত এলাকায় ত্রাণ পৌঁছে দিতে গিয়ে খারাপ আবহাওয়ার কারণে একটি উদ্ধার হেলিকপ্টার বিধ্বস্ত হয়। এতে ৫ জন নিহত হন। উদ্ধারকারী দলগুলো আকাশপথে, পায়ে হেঁটে এবং ক্ষতিগ্রস্ত সড়ক দিয়ে দুর্গত এলাকায় পৌঁছানোর চেষ্টা করছে। আবহাওয়া পরিস্থিতির উন্নতি না হলে আরও প্রাণহানির আশঙ্কা রয়েছে, জানিয়েছেন কর্মকর্তারা।

ইত্তেফাক/এএম