ট্রাম্প-পুতিন শীর্ষ বৈঠক

সোভিয়েত ইউনিয়নের সোয়েটশার্ট পরে আলাস্কায় রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ

আপডেট : ১৬ আগস্ট ২০২৫, ১৬:২৪

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শীর্ষ বৈঠকের জন্য আলাস্কার অ্যাঙ্কোরেজে পৌঁছান, তখন তিনি সোভিয়েত যুগের কথা স্মরণ করে সোভিয়েত ইউনিয়নের একটি সোয়েটশার্ট পরেছিলেন।

রুশ প্রতিনিধি দলের অংশ হিসেবে তিনি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আগেই সেখানে পৌঁছান। শীর্ষ বৈঠকে আগে কালো গাড়ি থেকে নামার সময় তিনি যে সোয়েটশার্টে পরেছিলেন, তার ওপর লেখা ছিল 'CCCP'। রাশিয়ান অক্ষরে এটির রূপ 'USSR'।

আলাস্কায় জ্যেষ্ঠ রুশ প্রতিনিধিদের মধ্যে থাকা ল্যাভরভ সোভিয়েত ইউনিয়নে তার কর্মজীবন শুরু করেছিলেন। এই ঘটনার পর রুশ-বিরোধীরা ল্যাভরভের বিরুদ্ধে সোভিয়েত সাম্রাজ্যবাদী মানসিকতার আঁকড়ে থাকার অভিযোগ এনেছেন।

লিথুয়ানিয়ার প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী গ্যাব্রিলিয়াস ল্যান্ডসবার্গিস রুশ পররাষ্ট্রমন্ত্রীর পোশাকের পছন্দ সম্পর্কে এক্স-পোস্টে ব্যঙ্গ করে বলেছেন, 'আমাদের ইউক্রেনের অর্ধেক দিয়ে দিন এবং আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, আমরা থামব, বলেছেন ইউএসএসআ-এর সোয়েটশার্ট পরা আলোচক।'

দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুসারে, টেলিগ্রামে রাশিয়ান ফ্যাশন ব্লগাররা দ্রুত ১২০ ডলার মূল্যের সোয়েটশার্টটি 'সেলসোভেট'-এর কাজ বলে শনাক্ত করেন। এটি চেলিয়াবিনস্ক-ভিত্তিক একটি ব্র্যান্ড, এটি সোভিয়েত ঐতিহ্যের পোশাকের ক্ষেত্রে বিশেষভাবে পরিচিত।

ইত্তেফাক/এসকে