মায়োপিয়া চিকিৎসায় অবদানে ‘এশিয়ান আইকন অ্যাওয়ার্ড’ পেলেন ড. গাজী রিয়াজ

আপডেট : ১৬ আগস্ট ২০২৫, ১৭:৪৩

চোখের চিকিৎসা ও মায়োপিয়া (দূরদৃষ্টি সমস্যা) নিয়ন্ত্রণে অসামান্য অবদানের জন্য আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বাংলাদেশি চক্ষু বিশেষজ্ঞ ড. গাজী রিয়াজ রহমান, পিএইচডি। 

শনিবার (১৬ আগস্ট) শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে অনুষ্ঠিত এক জমকালো অনুষ্ঠানে তাকে প্রদান করা হয় ‘এশিয়ান আইকন অ্যাওয়ার্ড ২০২৫’।

এই পুরস্কারটি এশিয়ার অন্যতম মর্যাদাপূর্ণ স্বীকৃতি, যা বিভিন্ন ক্ষেত্রে ব্যতিক্রমী অবদান রাখা ব্যক্তিত্বদের প্রদান করা হয়ে থাকে। ড. রহমানের উদ্ভাবনী চিকিৎসা পদ্ধতি ও দৃষ্টিশক্তি উন্নয়নে কার্যকর কর্মপ্রয়াস বিশেষভাবে প্রশংসিত হয়েছে আয়োজকদের পক্ষ থেকে।

ড. রহমানের গবেষণা ও চিকিৎসা পদ্ধতি বিশেষ করে মায়োপিয়া নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভ‚মিকা রেখে চলেছে। উন্নয়নশীল দেশগুলোতে, যেখানে চোখের চিকিৎসা এখনো পর্যাপ্ত নয়, সেখানে তাঁর কাজ বহু মানুষকে নতুন দৃষ্টিশক্তি দিয়েছে এবং জীবনমান উন্নত করেছে।

অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এশিয়ার বিভিন্ন দেশের স্বাস্থ্য ও শিক্ষা খাতের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বরা। আয়োজকরা ড. গাজী রিয়াজ রহমানের নিরলস শ্রম, সৃজনশীলতা এবং বৈশ্বিক স্বাস্থ্যসেবায় তাঁর অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সম্মাননা গ্রহণকালে ড. রহমান বলেন, এই পুরস্কার শুধু আমার নয়, এটি সারা বিশ্বের সেই সব মানুষের জন্য, যারা চোখের সমস্যায় ভোগেন কিন্তু উন্নত চিকিৎসা পান না। আমি এই সম্মান বাংলাদেশ ও আমার সহকর্মীদের প্রতি উৎসর্গ করছি।

ইত্তেফাক/এএইচপি