রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় একটি নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে।
শনিবার (১৬ আগস্ট) বেলা ১১টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকার ই-ব্লকের ১৪ নম্বর রোডে এ দুর্ঘটনা ঘটে। পরে বিকেল ৩টার দিকে তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়।
নিহতরা হলেন- মো. ফরিদুল ইসলাম (৪০), মো. রাব্বি (১৭) ও মো. লিটন (৩৫)।
নিহত রাব্বির খালাতো ভাই অলিভ বলেন, চার শ্রমিক বাঁশের খুঁটির সঙ্গে বৈদ্যুতিক বাল্ব লাগিয়ে ট্যাংকের ভেতরে কাজ করছিলেন। হঠাৎ তারা চারজন অসুস্থ হয় পড়েন। একজন উঠে আসতে পারলেও তিনজন অচেতন অবস্থায় পড়ে থাকেন। পরে পুলিশ তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
তিনি আরও বলেন, আমরা সবাই আত্মীয়। নিহতদের মধ্যে রাব্বি লালমনিরহাটের পাটগ্রাম থানার তবারক হোসেনের ছেলে, ফরিদুল রফিকুল ইসলামের ছেলে এবং লিটনের বাবার নাম তৈয়বুর আলী।
বিষয়টি নিশ্চিত করে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান বলেন, আমরা ৯৯৯-এ কলের মাধ্যমে খবর পাই, নির্মাণাধীন ওই ভবনের নিচতলায় পানির রিজার্ভ ট্যাংকে কাজ করছিলেন চার শ্রমিক। এ সময় ট্যাংকের ভেতরে তিনজন মারা যান। এছাড়া অসুস্থ হন একজন। আমরা তিন শ্রমিকের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেকে পাঠিয়েছি। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাদের মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
