২৪ ঘণ্টার মধ্যে মির্জা আব্বাসের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের নির্দেশ

আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৮, ০০:২৪

ঢাকা-৯ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাসের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। নির্বাচন কমিশনে (ইসি) থাকা ওই মনোনয়নপত্র ঢাকার রিটার্নিং অফিসারের কাছে পাঠিয়ে ২৪ ঘণ্টার মধ্যে ওই যাচাই-বাছাই সম্পন্ন করতে বলা হয়েছে। এক রিট আবেদনের প্রেক্ষিতে বিচারপতি এফআরএম নাজমুল আহাসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গতকাল মঙ্গলবার এই আদেশ দেন। আদালতে মির্জা আব্বাসের পক্ষে আইনজীবী জয়নুল আবেদীন ও একেএম এহসানুর রহমান শুনানি করেন।

গত ২৮ নভেম্বর ঢাকা-৯ আসনে মনোনয়নপত্র জমা দিতে পারেননি মির্জা আব্বাস। বিলম্বে দাখিলের অজুহাতে রিটার্নিং অফিসার সেদিন মনোনয়নপত্র জমা নেয়নি বলে অভিযোগ করেন তিনি। পরে পহেলা ডিসেম্বর প্রধান নির্বাচন কমিশনার বরাবর ওই মনোনয়নপত্র জমা দেন। কিন্তু নির্বাচন কমিশন মনোনয়নপত্র রিটার্নিং অফিসারের কাছে না পাঠিয়ে কমিশনে রেখে দেয়। এই অভিযোগে হাইকোর্টে রিট করেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। রিটের শুনানি শেষে হাইকোর্ট রুল জারি করে। রুলে মনোনয়নপত্র উদ্দেশ্য প্রণোদিতভাবে গ্রহণ না করাকে কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়েছে আদালত।