গাজায় ইসরায়েলি আগ্রাসনে প্রাণহানি অব্যাহত রয়েছে। শনিবার (১৬ আগস্ট) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এখন পর্যন্ত মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬১ হাজার ৮৯৭ জনে। খবর আনাদোলুর।
মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আরও ৭০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে আটজনের মরদেহ উদ্ধার করা হয়েছে ধ্বংসস্তূপ থেকে। একই সময়ে আহত হয়েছেন অন্তত ৩৮৫ জন। ফলে ২০২৩ সালের অক্টোবর থেকে চলমান হামলায় এখন পর্যন্ত মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৫৫ হাজার ৬৬০ জনে।
প্রতিবেদনে বলা হয়, ক্ষুধা ও অপুষ্টিজনিত কারণে নতুন করে আরও ১১ জন মারা গেছেন, যাদের মধ্যে একজন শিশু। এখন পর্যন্ত দুর্ভিক্ষে মোট মৃত্যু হয়েছে ২৫১ জনের, এর মধ্যে শিশু রয়েছে ১০৮ জন।
গাজায় তীব্র বোমাবর্ষণ, সরঞ্জামের অভাব এবং যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় উদ্ধার কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। অসংখ্য মৃতদেহ এখনও রাস্তায় কিংবা ধ্বংসস্তূপের নিচে পড়ে আছে বলে জানায় স্থানীয় কর্তৃপক্ষ।
গত ১৮ মার্চ ইসরায়েল যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি ভঙ্গ করার পর থেকে এ পর্যন্ত ১০ হাজার ৩৬২ জন নিহত হয়েছেন। একই সময়ে আহত হয়েছেন ৪৩ হাজার ৬১৯ জন।
মানবিক সহায়তা সংগ্রহ করতে যাওয়া ফিলিস্তিনিদের ওপরও ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। শুধু গত ২৪ ঘণ্টায় এ ধরনের ঘটনায় ২৬ জন নিহত এবং ১৭৫ জন আহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২৭ মে থেকে এ পর্যন্ত খাদ্য ও ত্রাণ সংগ্রহ করতে গিয়ে ইসরায়েলি বাহিনীর হামলায় ১ হাজার ৯২৪ জন প্রাণ হারিয়েছেন এবং ১৪ হাজার ২৮৮ জন আহত হয়েছেন।
