বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের কচুবনিয়া এলাকায় এক রোহিঙ্গা যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
রোববার (১৭ আগস্ট) দুপুরে কুমির প্রজনন কেন্দ্র সংলগ্ন একটি ড্রাগন বাগান থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত যুবক কক্সবাজারের উখিয়ার ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জি ব্লকের বাসিন্দা জাফর আলমের ছেলে নুরুল আবছার (প্রায় ২২)। তিনি পেশায় একজন অটোরিকশা চালক ছিলেন।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, শনিবার নুরুল আবছার অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। রাতভর তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও কোনো খোঁজ পাওয়া যায়নি। রোববার সকালে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির একপর্যায়ে ড্রাগন বাগানে গিয়ে তার গলাকাটা লাশ দেখতে পান। ঘটনাস্থল থেকে তার অটোরিকশা ও মোবাইল ফোন উদ্ধার হয়নি।
স্থানীয়দের ধারণা, তিনি ছিনতাইকারীদের কবলে পড়ে খুন হয়েছেন।
এ ঘটনায় নাইক্ষ্যংছড়ি থানার ওসি মো. মাসরুরুল হক জানান, কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। আমি ঘটনাস্থলে যাচ্ছি।
ঘুমধুম পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) জাফর ইকবাল বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছি। নিহতের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করছি।
