বাজে স্ট্রাইক রেটের কারণেই এশিয়া কাপের দলে নেই বাবর

আপডেট : ১৭ আগস্ট ২০২৫, ১৮:০৪

গুঞ্জন ছিল এশিয়া কাপের দল থেকে বাদ পড়তে যাচ্ছেন বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। অবশেষে সেই গুঞ্জনই সত্যি হলো। এই দুই তারকা ক্রিকেটারকে বাদ দিয়ে এশিয়া কাপের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

রোববার (১৭ আগস্ট) টি–টোয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপের জন্য সালমান আগাকে অধিনায়ক করে ১৭ সদস্যের দল ঘোষণা করেছে পিসিবি। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে দিয়ে টি-টোয়েন্টি দলে ফেরা শাহিন আফ্রিদি রয়েছেন এই দলে।

এশিয়া কাপের দলে বাবরের জায়গা না পাওয়ার কারণ জানিয়েছেন পাকিস্তানের সাদা বলের প্রধান কোচ মাইক হেসন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘বাবরকে কিছু জায়গায় উন্নতি করতে বলা হয়েছে, বিশেষ করে স্পিনের বিপক্ষে এবং সামগ্রিকভাবে স্ট্রাইক রেটের দিক থেকে। এগুলোতে সে কঠোর পরিশ্রম করছে। আমার বিশ্বাস, শিগগিরই আমরা উন্নতি দেখতে পাবো।’ 

স্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি বিগ ব্যাশ লিগের (বিবিএল) এবারের আসরে খেলবে বাবর আজম। সেখানে খেলে বাবর উন্নতি করতে পারবেন বলে বিশ্বাস হেসনের। তিনি আরও বলেন, ‘বাবরের মতো একজন বিশ্বমানের ব্যাটারকে আমরা দীর্ঘ সময়ের জন্য বিবেচনার বাইরে রাখতে পারি না। সে বিবিএলে খেললে তার উন্নতির সুযোগ মিলবে।’

এশিয়া কাপের আরব আমিরাত ও আফগানিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ খেলবে পাকিস্তান। শারজায় ২৯ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর হবে এই সিরিজ। এর দুই দিন পর ৯ সেপ্টেম্বর শুরু হবে এশিয়া কাপ। চলবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত। আট দলের মহাদেশীয় টুর্নামেন্টে ‘এ’ গ্রুপে পাকিস্তান খেলবে ভারত, ওমান ও সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে।

ইত্তেফাক/জেডএইচ