বাংলাদেশ-বাহরাইন প্রথম প্রস্তুতি ম্যাচ আজ

আপডেট : ১৮ আগস্ট ২০২৫, ১৩:২৯

এশিয়ান কাপ অনূর্ধ্ব-২৩ বাছাইয়ের মূলপর্বে জায়গা করে নেওয়ার স্বপ্ন এখন লাল-সবুজ তরুণদের চোখে। বাছাইপর্বের আসল লড়াই শুরু হতে বাকি আর কয়েক দিন। যেখানে তাদের অপেক্ষা কঠিন প্রতিপক্ষ ভিয়েতনাম, সিঙ্গাপুর আর ইয়েমেন। বাছাইয়ে ১১ গ্রুপ চ্যাম্পিয়ন ও সেরা চার রানার্স আপ দল পাবে মূল পর্বের টিকিট। আর কঠিন মিশনে নামার আগে বাংলাদেশ দল নিজেদের প্রস্তুত করছে বাহরাইনে গিয়ে। সেখানে স্বাগতিকদের অনূর্ধ্ব ২৩ দলের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলেই নিজেদের সামর্থ্য যাচাই করবে দল। যার মধ্যে একটি প্রস্তুতি ম্যাচ মাঠে গড়াবে আজ। 

আর এই ম্যাচে লাল-সবুজের যুবাদের লক্ষ্য নিজেদের মেলে ধরার, দুর্বলতা খুঁজে বের করার এবং লড়াইয়ের মানসিকতা গড়ে তোলার আসল সুযোগ। দীর্ঘ ভ্রমণ শেষে দল নেমেছে মাঠে, মানিয়ে নিয়েছে আবহাওয়ার সঙ্গে, আর এখন অপেক্ষা মাঠের সেই চূড়ান্ত পরীক্ষার। যদিও প্রথম ম্যাচে থাকবেন না দলের তারকা মুখ শেখ মোরসালিন। চোটের কারণে বিশ্রামে থাকবেন তিনি। এমনটি জানিয়েছেন দলের হেড কোচ টিটু ক্লোজ ডোরে অনুষ্ঠিত হবে আজকের প্রথম প্রস্তুতি ম্যাচ। বাংলাদেশ সময় রাত ৯টায় মাঠে গড়াবে ম্যাচটি। 

May be an image of 6 people, people playing football, people playing American football and text that says "G UCB 器"

এই ম্যাচের আগে গতকাল এক ভিডিও বার্তায় নিজেদের লক্ষ্য নিয়ে কথা বলেছেন দলের প্রধান কোচ সাইফুল বারী টিটু। এই ম্যাচকে দেখছেন বড় এক পরিমাপক হিসেবে। তার ভাষায়, 'এই ম্যাচটা (বাহরাইনের বিপক্ষে) আমাদের জন্য বড় একটা সুযোগ বলে আমি মনে করি। বাহরাইন ভিয়েতনামের মতোই শক্তিশালী একটা দল। তো আমি মনে করি আমরা নিজের শক্তি, সামর্থ্য এবং খেলোয়াড়দের মধ্যে বোঝাপড়ার যেই বিষয়টি, সামনের দুটি ম্যাচ দিয়ে তৈরি করতে যাচ্ছি।'

চলতি মাসের শুরু থেকেই দেশে অনুশীলন ক্যাম্পে ব্যস্ত ছিল অনূর্ধ্ব ২৩ দল। যদিও সেখানে শুরু থেকে ছিল না বসুন্ধরা কিংস এবং আবাহনী ক্লাবের তিন ফুটবলার। তারা এএফসি চ্যালেঞ্জ লিগে খেলে সরাসরি দলের সঙ্গে বাহরাইনে গিয়ে যুক্ত হয়েছেন। তাদের মধ্যে রয়েছেন জাতীয় দলের তারকা মুখ শেখ মোরসালিনও। যদিও তিনি প্রথম ম্যাচে খেলবেন না। তাকে নিয়ে কোচ বলেন, 'শেখ মোরসালিন হয়তো প্রথম ম্যাচটা খেলবে না, ওর একটু চোটের সমস্যা রয়েছে আবাহনীর ম্যাচের পর। তার পরও যারা আছে তারা সবাই রয়েছে। আমাদের মূল উদ্দেশ্যটা থাকবে দলের শক্তিটা, প্রতিটা ডিপার্টমেন্টের সামর্থ্য যাচাই করার চেষ্টা। এটা হলে আমাদের কোথায় কোন ত্রুটি রয়েছে, উন্নতি করতে হবে, জানতে পারবো যা সামনে এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সের আগে কাজে দেবে। তো সামনের দুই ম্যাচে আমরা ঐটাতেই মনোযোগ দিচ্ছি মূলত।'

এছাড়া খেলোয়াড়দের মধ্যেও প্রস্তুতির সুর বাজছে জোরে। ডিফেন্ডার শাকিল আহাদ তপু জানালেন, 'শুরুর দিকে কন্ডিশনে কিছুটা সমস্যা ছিল। তবে তিন-চার দিনের অনুশীলনে মানিয়ে নিয়েছি। এখন আমরা ভালো ফলাফলের অপেক্ষায়।' রিমন হোসেনও মনে করছেন, 'আবহাওয়া প্রায় একই হওয়ায় સાય মানিয়ে নিতে সুবিধা হয়েছে। অভিজ্ঞ খেলোয়াড়রা দলে থাকায় আমরা শক্তিশালী।'

আগামী বছর সৌদি আরবে বসবে এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ। সেখানে জায়গা করে নেওয়ার জন্যই এখন লড়াই শুরু করেছে বাংলাদেশ। বাহরাইনের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ হবে সেই পথের প্রথম ধাপ, যেখানে প্রতিটি মিনিটই শেখার, গড়ে ওঠার আর এগিয়ে যাওয়ার গল্প লিখবে। দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ মাঠে গড়াবে আগামী ২২ আগস্ট।

ইত্তেফাক/জেডএইচ