সমুদ্রে তিন দিন ধরে ভেসে থাকা ৮ জেলে উদ্ধার

আপডেট : ১৮ আগস্ট ২০২৫, ১৪:০৪

ইঞ্জিন বিকল হয়ে তিন দিন ধরে বঙ্গোপসাগরে ভেসে থাকা একটি ফিশিং বোটের ৮ জন জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

সোমবার (১৮ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।

তিনি জানান, গত ১৪ আগস্ট “এফবি মায়ের দোয়া” নামের একটি ফিশিং বোট ৮ জন জেলেকে নিয়ে মাছ ধরতে সমুদ্রে যায়। কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে ইঞ্জিন বিকল হয়ে গেলে বোটটি গভীর সমুদ্রে ভেসে যেতে থাকে। মোবাইল নেটওয়ার্কের বাইরে থাকায় তারা কোনো সাহায্য চাইতে পারেনি।

তিন দিন পর, ১৭ আগস্ট সকাল ১০টার দিকে বোটটি নেটওয়ার্ক কভারেজে আসলে, একজন জেলে কোস্ট গার্ডের জরুরি নম্বর ১৬১১১-তে ফোন করে সহায়তা চান।

সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই মোংলা উপকূলে টহলরত কোস্ট গার্ডের জাহাজ ‘স্বাধীন বাংলা’ অভিযান শুরু করে। পরে মোংলা ফেয়ারওয়ে সংলগ্ন বয়া নম্বর-৫ এর কাছ থেকে বোটটি ও ৮ জন জেলেকে উদ্ধার করা হয়।

উদ্ধারের পর জেলেদের প্রাথমিক চিকিৎসা ও খাবার সরবরাহ করা হয় এবং বোটসহ সবাইকে নিরাপদে হারবারিয়া সংলগ্ন নদীর তীরে পৌঁছে দেওয়া হয়।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের উদ্ধার কার্যক্রম অব্যাহত থাকবে।

ইত্তেফাক/এএইচপি