আবারও ভারত-পাকিস্তানের রাজনৈতিক বৈরিতার প্রভাব পড়েছে খেলাধুলায়। ২৯ আগস্ট ভারতে শুরু হতে যাওয়া হকি এশিয়া কাপ থেকে নাম প্রত্যাহার করেছে পাকিস্তান। এতে বাংলাদেশকে অংশগ্রহণের আমন্ত্রণ জানায় এশিয়ান হকি ফেডারেশন (এএইচএফ)। ইতিমধ্যে সবুজ সংকেত দিয়েছে বাংলাদেশ।
সোমবার (১৮ আগস্ট) এশিয়া কাপে বাংলাদেশ দলের অংশগ্রহণের খবর নিশ্চিত করেছেন হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজুল হাসান (অব.)। তিনি বলেন, ‘আমরা আজ দুপুরের দিকে এএইচএফ থেকে আমন্ত্রণ পেয়েছি। আমরা ইন শাহ আল্লাহ এশিয়া কাপে অংশ নেব। প্রস্তুতিও চলছে।’
আগে থেকেই গুঞ্জন ছিল ভারতের সঙ্গে দ্বন্দ্বের জেরে পাকিস্তান এশিয়া কাপ থেকে নাম প্রত্যাহার করতে পারে। তাই ১৪ আগস্ট থেকেই জাতীয় দলের ক্যাম্প শুরু হয়েছে মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে। কোচ মশিউর রহমানের তত্ত্বাবধানে অনূর্ধ্ব-২১ বিশ্বকাপ স্কোয়াডের ১০ জন এবং সিনিয়র দলের ১৮ জনকে নিয়ে চলছে অনুশীলন।
হকি এশিয়া কাপের প্রতিটি আসরেই অংশগ্রহণ করেছে বাংলাদেশ। তবে এবার এএইচএফ কাপের ফাইনালে উঠতে না পারায় সরাসরি টুর্নামেন্টে খেলার যোগ্যতা লাল-সবুজের প্রতিনিধিরা। তবে তৃতীয় অবস্থানে থাকায় পাকিস্তানের অনুপস্থিতিতে জায়গা পেয়েছে বাংলাদেশ।
আগামী ২৯ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত ভারতের বিহার রাজ্যের রাজগিরে অনুষ্ঠিত হবে হকি এশিয়া কাপ। এই আসর ২০২৬ হকি বিশ্বকাপের বাছাইপর্বও। আগামী বছরের আগস্টে বেলজিয়াম ও সুইজারল্যান্ডে হবে ছেলেদের হকি বিশ্বকাপ। এশিয়া কাপের চ্যাম্পিয়ন হওয়া দল সরাসরি ১৬ দলের সেই বিশ্ব আসরে জায়গা করে নেবে।
