ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগের খেলা টিভির পর্দায় দেখছেন। এখন সেই খেলা হাতের মুঠোয় চলে আসবে। ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাবে ইংলিশ লিগের খেলা। গতকাল ঢাকার ইন্টারকন্টিনেন্টালে আনুষ্ঠানিক যাত্রা করে ঘোষণা দেওয়া হয়েছে স্ট্রিমিং প্ল্যাটফর্ম বঙ্গ, মাইকোর সঙ্গে পার্টনারশিপে পুরো মৌসুমের ইংলিশ প্রিমিয়ার লিগের সব খেলা দেখা যাবে।
কেউ যদি খেলা দেখার সময় না পান তিনি পরবর্তীতে পছন্দের খেলাটি দেখার সুযোগ পাবেন বলে আয়োজক প্রতিষ্ঠান থেকে বলা হয়েছে। এর জন্য তিনটি প্যাকেজ কেনার ব্যবস্থা রাখা হয়েছে। ভবিষ্যতে দেশের ফুটবলও এই প্ল্যাটফরমে দেখা যেতে পারে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাফুফের সভাপতি তাবিথ আউয়াল। তিনি বলেন, 'এটা দেশের জন্য বিগ মাইলস্টোন। ৪.৮ বিলিয়ন ইংলিশ প্রিমিয়ার লিগের খেলা দেখে। গোটা পৃথিবীর অর্ধেক জনগোষ্ঠি খেলাটা দেখে। বঙ্গ-র জন্য ইপিএল কাছ থেকে দেখা যাবে। আগে বঙ্গ-তে বিনোদনমূলক অনুষ্ঠান দেখা যেত এখন খেলাও দেখা যাবে।'
সহ-সভাপতি ফাহাদ করিম, বঙ্গ-র সহ প্রতিষ্ঠাতা ফায়াজ তাহের, বাফুফের ডেভেলপমেন্ট কমিটির সদস্য সামিত কাশিম, হেড অব মার্কেটিং ইব্রাহিম মোহাম্মদ প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, 'ভবিষ্যতে শুধু মোহামেডান-আবাহনী নয়, অন্যান্য ক্লাবের খেলাও দেখা যেতে পারে। বাফুফে বাংলাদেশের খেলা স্ট্রিমিংয়ের ব্যাপারে আশাবাদী।
