গোরস্থানের দান বাক্সের তালা ভেঙে টাকা চুরি

আপডেট : ১৮ আগস্ট ২০২৫, ১৮:৪১

ঈশ্বরদী কেন্দ্রীয় গোরস্থানের দানবাক্সের তালা ভেঙে নগদ টাকা চুরি করেছে চোরেরা। সোমবার (১৮ আগস্ট) সকালে গোরস্থানের খাদেম দানবাক্সটির তালা ভাঙা দেখতে পান। ধারণা করা হচ্ছে, গভীর রাতে যেকোনো এক সময় এ চুরির ঘটনা ঘটে।

ঘটনার পরপরই খাদেম বিষয়টি গোরস্থান কমিটিকে জানালে, কমিটির পক্ষ থেকে ঈশ্বরদী থানা পুলিশকে অবহিত করা হয়।

গোরস্থানের দীর্ঘদিনের খাদেম খলিলুর রহমান বলেন, ‘৪৫ বছর ধরে আমি এখানে খাদেম হিসেবে দায়িত্ব পালন করছি। এর আগেও তিনবার দানবাক্স ভেঙে চুরি হয়েছে। এবারও দানবাক্সটি মজবুতভাবে দুই স্তরে তৈরি করা হয়েছিল, তবুও চোরেরা তালা ভেঙে ভিতরের সমস্ত টাকা নিয়ে গেছে।’

গোরস্থানের সচিব মাজহারুল ইসলাম বলেন, ‘প্রায় ১৬ হাজার টাকা ব্যয়ে দুই স্তরের দানবাক্স তৈরি করা হয়। এলার্ম সিস্টেমসহ তিনটি তালা লাগানো ছিল। নিরাপত্তার জন্য সিসি ক্যামেরাও স্থাপন করা হয়েছে। তারপরও দুঃখজনকভাবে চোরেরা দানবাক্স ভেঙে টাকা নিয়ে গেছে। চলতি মাসের ৩ তারিখে দানবাক্স খুলে ১০ হাজার ৩২০ টাকা পাওয়া গিয়েছিল।’

ইত্তেফাক/এএইচপি