দেশের জনপ্রিয় সংগীতশিল্পী সৈয়দ শহীদ। নিয়মিত গানে তাঁকে পাওয়া না গেলেও বিশেষ দিবসগুলোকে কেন্দ্র করে পাওয়া যায়। কোরবানির ঈদ উপলক্ষে শ্রোতাদের নতুন গান উপহার দেবেন এই সংগীতশিল্পী। ঈদের জন্য বেশ কয়েকটি নতুন গানে কণ্ঠ দিয়েছেন তিনি। এরমধ্যে রয়েছে এহতেশামের সুরে রেজওয়ানের সংগীতে একটি গান। এছাড়াও আনাম খানের সুরে একটি গান রিলিজ হবে তাঁর। এই দুটি গান ছাড়াও আরো কয়েকটি গান রিলিজ হবে শহীদের।
ক্যারিয়ারে অনেকগুলো জনপ্রিয় গান থাকলেও নিয়মিত গানে সেভাবে পাওয়া যায়নি তাঁকে। তবে নিয়মিত না হলেও একবারে হারিয়েও যাননি তিনি। এ প্রসঙ্গে শহীদ বলেন, ‘গানটা আমি একান্ত ভালোলাগার জায়গা থেকে করি। আমার ব্যান্ড দূরবীনও আমার সেই ভালোবাসার একটি জায়গা। তবে গানে নিয়মিত আমি কখনোই ছিলাম না। ব্যক্তিগত কাজ নিয়ে আমার ব্যস্ততার ফাঁকে কাজ করি। ঈদকে কেন্দ্র করে এবার কয়েকটি গান করেছি। আশা করি শ্রোতাদের পছন্দ হবে।’
তাঁর ব্যান্ড ‘দূরবীন’-এর যাত্রাটাও অনেকদিন। এই বছর তাদের নতুন অ্যালবাম রিলিজের কথা থাকলেও এখন পর্যন্ত এ নিয়ে নতুন কিছু জানা যায়নি। কয়েক মাস আগে ব্যান্ডে আবারো যোগ দিয়েছেন সংগীতশিল্পী কাজী শুভ। নতুনভাবে কিছু গান তৈরি করছেন তাঁরা। শহীদ বলেন, ‘ব্যান্ড নিয়ে পরিকল্পনা চলছে। নতুন করে আমরা কিছু গানে সময় দিচ্ছি। খুব দ্রুত কিছুই করতে চাই না। তবে সামনে ব্যান্ডের কাজ নিয়ে আসবো।’
