ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় সংসদের আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ‘সর্বদলীয় সংগ্রাম পরিষদের ব্যানারে’ ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে স্থানীয়রা। এতে বিশ্বরোড থেকে মাধবপুর পর্যন্ত প্রায় কয়েক কিলোমিটার এলাকায় যানজট সৃষ্টি হয়।
বুধবার (২০ আগস্ট) সকাল ১০টা থেকে এ অবরোধ ও বিক্ষোভ চলছে। সবশেষ বেলা ২টা দিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন স্থানীয়রা। এর ফলে সৃষ্ট যানজটের কারণে দুর্ভোগে পড়েছেন চলাচলকারীরা। সড়কে দুপাশে শত শত যানবাহন আটকে থাকতে দেখা গেছে।
ট্রাকচালক মো. ইসমাইল বলেন, সকাল ১০টা থেকে আটকে আছি। বিক্ষোভকারীরা সড়ক কখন ছাড়বে সেটাও বুঝতে পারছি না।
এদিকে ওই বিক্ষোভে সর্বদলীয় ঐক্য পরিষদের আহবায়ক অ্যাডভোকেট ইমাম হোসেন, সাবেক ভাইস চেয়ারম্যান মোখলেছুর রহমান লিটন মুন্সি, জেলা তরুণ দলের সভাপতি আজিজুর রহমান হেলাল, বিএনপির সিনিয়র সহ-সভাপতি নাজমুল হক, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইয়ার মোহাম্মদ রাসেল, জামায়াত নেতা কাজী মনিরুল ইসলাম, কামাল মিয়া, হাসান ভুইয়াসহ বিভিন্ন দলের নেতাকর্মীসহ স্থানীয়রা উপস্থিত আছেন।
বক্তারা বলেন, স্বাধীনতার পর থেকে তিতাস পূর্বাঞ্চলের ১০ টি ইউনিয়ন নিয়ে নেতারা খেলা করছে। নেতাদের সুবিধার জন্য উপজেলার ৩টি ইউনিয়নকে নেতাদের ইচ্ছামতো সরাইল, নাসিরনগর ও সদরে দেয়। আমরা ১০ ইউনিয়ন ভাই ভাই একসাথে থাকতে চাই। আগামী ২৪ তারিখ শুনানিতে ঝামেলা শেষ না করলে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-সিলেট মহাসড়কের বিজয়নগর এলাকা ব্লেড করে দেওয়া হবে।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জাতীয় সংসদের ৩৯টি আসনের সীমানায় রদবদল এনে খসড়া তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)।
