মহাখালীর সাততলা বস্তিতে আগুন, ৭ ইউনিটের প্রচেষ্টায় নিয়ন্ত্রণে

আপডেট : ২০ আগস্ট ২০২৫, ১৬:৩২

রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট।

বুধবার (২০ আগস্ট) দুপুর ২টা ৩৭ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের ৫ ইউনিট। আরও দুটি ইউনিট ঘটনাস্থলে যায়।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মহাখালীর সাততলা বস্তিতে আগুনের খবর পেয়ে সাতটি ইউনিট পাঠানো হয়েছে। 

পরে ফায়ার সার্ভিস বেলা ৩টা ১৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ফায়ার সার্ভিসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে। প্রাথমিক অবস্থায় ক্ষয়ক্ষতির পারিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

এর আগে চলতি বছরের ১২ মার্চ ভোরে মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে শতাধিক ঘর পুড়ে যায়। তাদের দীর্ঘদিনের কষ্টার্জিত সম্পদ হারিয়ে তখন বস্তিবাসী খোলা আকাশের নিচে বসে আর্তনাদ করেন।

ইত্তেফাক/এমএস