ইউক্রেন সংঘাত বন্ধে ভারতের ওপর ‘জরিমানা’ আরোপ করা হয়েছে: হোয়াইট হাউস

আপডেট : ২০ আগস্ট ২০২৫, ১৮:২২

চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে ভারতের ওপর নতুন 'জরিমানা' আরোপ করা হয়েছে বলে জানিয়েছেন হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট।

মঙ্গলবার (১৯ আগস্ট) এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে প্রেসিডেন্ট ট্রাম্প জনসমক্ষে ব্যাপক চাপ সৃষ্টি করেছেন। তিনি ভারতের ওপর জরিমানা দিয়েছেন এবং আরও কিছু পদক্ষেপ নিয়েছেন।

এই জরিমানার অংশ হিসেবে দক্ষিণ এশিয়ার দেশ ভারতের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। এটি কার্যকর হবে আগামী ২৭ আগস্ট থেকে।

ওয়াশিংটন বলছে, ভারত রাশিয়ার কাছ থেকে তেল কিনে তা পরিশোধন করে বিভিন্ন দেশে চড়া দামে বিক্রি করছে। এটি যুদ্ধকালীন সময়ে রাশিয়াকে মুনাফা অর্জনে সহায়তা করছে।

এর আগে চলতি মাসে যুক্তরাষ্ট্রের মধ্যে একটি বাণিজ্য আলোচনা ভেস্তে যাওয়ায় ভারতীয় পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছিল। জরিমানাসহ শুল্ক মোট ৫০ শতাংশে দাঁড়িয়েছে।

যদিও ভারত এই শুল্ককে 'অন্যায্য, অযৌক্তিক ও অগ্রহণযোগ্য' বলে প্রতিবাদ জানিয়েছে এবং জাতীয় স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে।

তবে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ভারতের বিরুদ্ধে 'মুনাফাখোরি'র অভিযোগ আনেন। তিনি বলেন, ভারতের কিছু ধনী পরিবার রাশিয়ার অপরিশোধিত তেল কিনে পরিশোধন করে পুনরায় বিক্রি করে ১৬ বিলিয়ন ডলার অতিরিক্ত মুনাফা করেছে।

২০২২ সালের আগে ভারতের রাশিয়া থেকে তেল আমদানি ছিল ১ শতাংশের নিচে, এখন তা বেড়ে ৪২ শতাংশে পৌঁছেছে। বিপরীতে, চীনের রাশিয়া থেকে তেল আমদানি ১৩ শতাংশ থেকে বেড়ে ১৬ শতাংশ হয়েছে, যা তুলনামূলকভাবে ‘সুবিন্যস্ত’।

তথ্য সূত্র: আরটি

ইত্তেফাক/এনজি/এসকে