জামালুদ্দীন মুহাম্মাদ খালিদকে ভিপি এবং মো. আবু সায়াদ বিন মাহিন সরকারকে জিএস প্রার্থী দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সমন্বিত শিক্ষার্থী সংসদের প্যানেল ঘোষণা করা হয়েছে। মাহিন সরকার বলেন, ‘এই প্যানেল কোনো মন্ত্রিপাড়ার না, লন্ডন থেকে আসেনি, এটা ঢাবির সাধারণ শিক্ষার্থীদের প্যানেল।’
বুধবার (২০ আগস্ট) সন্ধ্যা ৬টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্যানেল ঘোষণা করেন তারা।
এসময় মাহিন সরকার বলেন, অবাস্তব কিংবা কাল্পনিক ইশতেহার নয়, বাস্তবায়নযোগ্য ইশতেহার ঘোষণা করবে সমন্বিত শিক্ষার্থী সংসদ।
মাহিন বলেন, ২০১৯ সালের ডাকসু নির্বাচনে উন্মুক্ত বাক স্বাধীনতার সূচনা হয়েছিল। আর ৫ আগস্টের পর আহত শিক্ষার্থীদের চিকিৎসা ও নিরাপত্তার দায়িত্ব নিয়েছিলাম।
ঘোষিত প্যানেল থেকে সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ফাতেহা শারমিন এ্যানি। প্যানেলে সম্পাদক পদগুলোর মধ্যে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে আশিকুর রহমান, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে আবদুল্লাহ ইবনে হানিফ আরিয়ান, কমন রুম, রিডিং রুম ও কাফেটেরিয়া সম্পাদক পদে ফারজানা আক্তার মিতু, আন্তর্জাতিক সম্পাদক পদে ইমরান মিয়া, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে মোহতাসিন বিল্লাহ ইমন, ক্রীড়া সম্পাদক পদে মুহাইমেনুল ইসলাম তকি, ছাত্র পরিবহন সম্পাদক পদে রাশেদ খান আদিব, সমাজসেবা সম্পাদক পদে মো. ফাইজুল্লাহ এবং স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে মেহেরিন আফরোজ মাইশাকে প্রার্থী ঘোষণা করা হয়েছে।
এ ছাড়া, সদস্য পদে মো. গিয়াস উদ্দিন, রাহাত সিকদার, বায়েজিদ হাসান, মো. আব্দুল বাছিত, মো. মোফাজ্জল হোসেন, মনির হোসেন, মো. আবুতালেব (ইফতি), আবরার জারিফ, সাব্বির উদ্দিন রিয়ন, মো. খালেদ সাইফুল্লাহ জিহাদ ভূঞাঁ, মো. আকাশ শাহ, মো. ইসমাইল হোসেন ও মাসুম বিল্লাহকে মনোনয়ন দেওয়া হয়েছে।
