খুলনা বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য ডিসিপ্লিন ও বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের মধ্যে একাডেমিয়া-ইন্ডাস্ট্রি নেক্সাস প্রতিষ্ঠার লক্ষ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা শিল্পখাতের সঙ্গে সম্পৃক্ত হয়ে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন এবং একাডেমিক উৎকর্ষের নতুন দ্বার উন্মোচিত হবে।
মঙ্গলবার (১৯ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে খুলনা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ নূরুন্নবী এবং বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের চিফ বিজনেস অফিসার (সেলস অ্যান্ড মার্কেটিং) আবুল কাসেম মোহাম্মদ সাদেক নওয়াজ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. এস. এম. মাহবুবুর রহমান, স্থাপত্য ডিসিপ্লিনের প্রধান অধ্যাপক ড. রুমানা আসাদ, অধ্যাপক ড. শেখ সিরাজুল হাকিম, সহযোগী অধ্যাপক মো. শেখ মারুফ হোসেন, সহযোগী অধ্যাপক এস. এম. নাজিমুদ্দিন, সহযোগী অধ্যাপক শিবু প্রসাদ বসু এবং বার্জার পেইন্টসের জেনারেল সেলস ম্যানেজার (কর্পোরেট সেলস অ্যান্ড সার্ভিস) সাব্বির আহমেদ ও জেনারেল সেলস ম্যানেজার (রিটেইল সেলস অ্যান্ড মার্কেটিং) মো. আতা আই মুনীরসহ উভয় প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মকর্তারা।
এমওইউ স্বাক্ষরের পর বার্জার পেইন্টসের প্রতিনিধি দলের সদস্যরা খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে উপাচার্য শিক্ষা-শিল্প সহযোগিতার এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এই যৌথ উদ্যোগ শিক্ষার্থীদের পেশাগত জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করবে এবং আন্তর্জাতিক মানসম্পন্ন একাডেমিক পরিবেশ তৈরিতে ভূমিকা রাখবে। তিনি ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে যৌথভাবে কাজ করার আহ্বান জানান। সাক্ষাৎকালে স্থাপত্য ডিসিপ্লিনের শিক্ষকবৃন্দ ও বার্জার পেইন্টসের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
