সিদ্ধিরগঞ্জে আওয়ামী লীগ ও যুবলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছে। ওই সময়ে ৩টি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। গতকাল মঙ্গলবার রাতে যুবলীগ কর্মী রাসেল ওরফে ইয়াবা রাসেল এবং নাজিমউদ্দিন নাজু গ্রুপের মধ্যে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় এলাকায় বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
গতকাল সন্ধ্যার পরে অন্যান্য দিনের মতো সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াছিন মিয়ার কার্যালয়ে আসে নূর হোসেনের এক কালের সহযোগী নাজিম উদ্দিন নাজু এবং রাসেল। এ সময় রাসেল হঠাত্ নাজিম উদ্দিন নাজুকে ধাক্কা দেয়। এক পর্যায়ে নাজিম উদ্দিন নাজুও তাকে ধাক্কা দেয়। উভয়ের মধ্যে উত্তেজনা বাড়লে তাদের সমর্থকরা জড়ো হলে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ বেধে যায়। একই সময় নাজু গ্রুপ সিদ্ধিরগঞ্জের চৌধুরীপাড়াস্থ রাসেলের কার্যালয় ভাঙচুর করে।
