আইরিশদের এমন হার!

আপডেট : ২৬ জুলাই ২০১৯, ২১:০৬

আয়ারল্যান্ড নিজেদের তৃতীয় টেস্ট খেলতে নেমেছিল লর্ডসে। বিখ্যাত এ মাঠে প্রথম ইনিংসেই ইংল্যান্ডকে ৮৫ রানে অলআউট করে কাঁপিয়ে দিয়েছিল তারা। এরপরও লড়াইটা ধরে রেখেছিল আইরিশরা। শেষ ইনিংসে ১৮২ রান করতে পারলেই জিতে যেত তারা লর্ডস টেস্ট। কিন্তু সেই টেস্টেরই চতুর্থ ইনিংসে ৩৮ রানে অলআউট হয়ে পেলো তারা ১৪৩ রানে পরাজয়ের লজ্জা।

প্রথম ইনিংসে ইংল্যান্ডের ৮৫ রানে অলআউট হওয়াতেই জমে উঠেছিল নাটকীয়তা। ১৩ রানে ৫ উইকেট নিয়ে অনার্স বোর্ডে নাম লিখেছিলেন টিম মুরতাগ। এরপর নিজেরা প্রথম ইনিংসে ২০৭ রান করেছিল আয়ারল্যান্ড।

জবাবে ইংল্যান্ডের সম্মান রক্ষা করেন জ্যাক লিচ। লিচের ৯২ ও জেসন রয়ের ৭২ রানে ভর করে ইংল্যান্ড ৩০৩ রান করে। ১ উইকেটে ১৭১ রান তোলার পর ইংল্যান্ডের কাছে অবশ্য আরো বড়ো রানের প্রত্যাশা ছিল। কিন্তু পরের দিকের ব্যাটসম্যানরা আর শুরুটাকে কাজে লাগাতে পারেননি।

তারপরও বিপর্যয় হয়নি স্যাম কুরানের কারণে। তিনি ৯ নম্বরে নেমে ৩১ রানের ইনিংস খেলেন। মার্ক এডাইর ৩টি ও বয়েড র্যাংকিন ২টি উইকেট নেন।

আয়ারল্যান্ডের সামনে জয়ের জন্য লক্ষ্যটা খুব কঠিন ছিল না। ১৮২ রান করতে না পারার মতো দল তারা নয়। কিন্তু ক্রিস ওকস ও স্টুয়ার্ট ব্রড একেবারে এলোমেলো করে দেন আইরিশদের। ১১ রান তুলেছিল আয়ারল্যান্ড বিনা উইকেটে। আর ওখান থেকেই শেষের শুরু।

ওকস একে একে ৬ উইকেট তুলে নেন। ৭.৪ ওভার বল করে তিনি ১৭ রান দিয়ে নেন ৬ উইকেট। অন্যদিকে ৮ ওভার বল করে ১৯ রান দিয়ে ৪ উইকেট নেন ব্রড। যে ১৫.৪ ওভার খেলা হয়েছে, তার পুরোটাই ওকস ও ব্রড বল করেছেন।