বনশ্রীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার নিহত

আপডেট : ২১ আগস্ট ২০২৫, ২১:০১

রাজধানীর বনশ্রী এলাকায় ট্রাকের ধাক্কায় মো. ইমন (২৬) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি পেশায় একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ছিলেন।

বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুর ২টার দিকে ফরাজী হাসপাতালের সামনে এ দুর্ঘটনা হয়। এসময় মোটরসাইকেলটির চালক হাবিবুর রহমান আহত হন।

নিহত ইমন রাজশাহী জেলার বাঘা থানার পটিয়া গ্রামের বাসিন্দা মহসিন মিয়ার ছেলে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুপুর পৌনে ৩টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

মোটরসাইকেল চালক হাবিবুর রহমান বলেন, ‘আমরা বনশ্রীর একটি সাইট দেখতে যাচ্ছিলাম। ফরাজী হাসপাতালের আগে একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে আমরা দুজন ছিটকে পড়ি। ট্রাকের একটি চাকা ইমনের ঘাড়ের উপর দিয়ে যায়। পরে আমি তাকে নিয়ে দ্রুত ঢামেকে আসি, কিন্তু চিকিৎসক জানান তিনি আর বেঁচে নেই।’

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ‘নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি রামপুরা থানাকে জানানো হয়েছে।’

ইত্তেফাক/এমএএস