লিগ শিরোপা জয়ের পুরস্কার

ফুটবলারদের ইউরোপ নিয়ে যাবে বসুন্ধরা

আপডেট : ২৬ জুলাই ২০১৯, ২১:০৭

প্রিমিয়ার ফুটবল লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস তার খেলোয়াড়দের নিয়ে আগামী সেপ্টেম্বরে ইউরোপ সফরে যাবে বলে জানিয়েছেন বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান। তিনি জানিয়েছেন, ‘খেলোয়াড়দের কথা দিয়েছিলাম চ্যাম্পিয়ন হতে পারলে ইউরোপের কোনো দেশে বেড়াতে নিয়ে যাব। কোথায় যাব সেটা চূড়ান্ত করিনি তবে ট্রাভেল এজেন্সির সঙ্গে কথা বলে ২৫ ফুটবলার নিয়ে ইউরোপের কোনো একটি দেশে বেড়াতে যাব। শুধুই ঘোরাঘুরির জন্য।’

নিজেদের ফুটবল দল শক্তিশালী করার জন্য ব্যাপক চিন্তাভাবনা করছে। দেশের ফুটবলে নিজেদের শক্তিটাকে কিভাবে ছড়িয়ে দেওয়া যায় তা নিয়ে পরিকল্পনা করা হচ্ছে। চলতি ফুটবল মৌসুম এখনো শেষ হয়নি। দুই ম্যাচ হাতে রেখে নবাগত বসুন্ধরা লিগ শিরোপা ঘরে তুলেছে। দেশের ফুটবলে বড়ো বড়ো শক্তিশালী দল থাকার পরও সবাইকে ডিঙ্গিয়ে ট্রফি এখন অভিজাত পাড়া বসুন্ধরায়। ক্লাব কর্মকর্তারা এরই মধ্যে আগামী মৌসুম নিয়ে পরিকল্পনা সাজিয়ে রেখেছেন। চ্যাম্পিয়ন দলের সব খেলোয়াড়কে নতুন মৌসুমের জন্য রাখা হবে না। ঢেলে সাজানোর চিন্তাভাবনা রয়েছে। তিনি বলেন, ‘সেপ্টেম্বরেই স্পেনে যাওয়ার চিন্তা ছিল। কিন্তু দলবদলের তারিখটা পরিবর্তন হওয়ায় ঝামেলায় ফেলে দিয়েছে।’

ফেডারেশন কাপ রানার্সআপ, স্বাধীনতা কাপ এবং প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হওয়ার পেছনের কারিগর স্প্যানিশ কোচ অস্কার ব্রুজেন এবং রাশিয়া বিশ্বকাপ ফুটবলে খেলা কোস্টারিকার ফরোয়ার্ড ড্যানিয়েল কলিন্দ্রেসকে আগামী মৌসুমের জন্য চুক্তি করা হয়েছে। সঙ্গে মতিন মিয়াও থাকবেন বলে জানা গেছে।

কলিন্দ্রেস খুব খুশি তার অধিনায়কত্বে বসুন্ধরা প্রথম আবির্ভাবেই চ্যাম্পিয়ন হয়েছে। পারিশ্রমিকও বৃদ্ধি করা হয়েছে। এখানকার পরিবেশ কলিন্দ্রেসের কাছে ভালো লাগে। স্ত্রীসহ ঢাকায় বসবাস করছেন এ তারকা। সংবাদ মাধ্যমকে বলছিলেন তিন ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়ন হওয়া যেত। দুই ম্যাচ হাতে রেখে হওয়ায় খুশি তবে অপরাজিত চ্যাম্পিয়ন হতে না পারার আক্ষেপ রয়েছে কলিন্দ্রেসের। মাসুক মিয়া, জনি, গোলকিপার আনিসুর রহমান জিকো, মতিন মিয়াসহ আরো একাধিক ফুটবলার প্রথমবারের মতো লিগ শিরোপা জয়ের স্বাদ পেয়েছেন। মতিন মিয়া গতকাল বিকালে ক্লাবেই ছিলেন। সংবাদ মাধ্যমকে জানিয়েছেন শিরোপা জয় করাটা তার কাছে অন্যরকম। বড়ো ক্লাবের জার্সি গায়ে প্রথম বারেই লিগ চ্যাম্পিয়ন হওয়াটাও বাড়তি আনন্দের। খেলোয়াড়দের মধ্যে যতটা না আনন্দ ততটা তৃপ্তির ঢেকুর তুলছেন না দলের স্প্যানিশ কোচ অস্কার ব্রুজেন। বলছিলেন, ‘পরিশ্রমের পুরস্কার পেয়েছি। তবে এখানেই থেমে থাকলে চলবে না। আরো অনেক দূর যেতে হবে। সামনে এএফসি কাপ ফুটবল, সঙ্গে লিগ মৌসুম রয়েছে। একটা সাফল্য আরেকটা সাফল্য পাওয়ার তাগিদ দেয়।’

বৃহস্পতিবার নীলফামারীর শেখ কামাল স্টেডিয়ামে মোহামেডানের বিপক্ষে ১-১ গোলে ড্র করে বসুন্ধরা কিংস সর্বোচ্চ ৫৯ পয়েন্ট নিয়ে লিগ শিরোপা নিশ্চিত করে। আরো দুই খেলা হাতে আছে। ময়মনসিংহে সাইফ স্পোর্টিং এবং ঢাকায় শেষ ম্যাচ চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে খেলবে। সেদিনই শিরোপা উত্সব করতে চায় বসুন্ধরা।