বিশ্বের প্রবীণতম মানুষ ইথেল ক্যাটেরহ্যামের ১১৬তম জন্মদিন

আপডেট : ২২ আগস্ট ২০২৫, ০৫:০০

বিশ্বের সবচেয়ে প্রবীণ মানুষ ইথেল ক্যাটেরহ্যাম বৃহস্পতিবার (২১ আগস্ট) তার ১১৬তম জন্মদিন উদ্‌যাপন করেছেন। যুক্তরাজ্যের সারে এলাকার একটি বৃদ্ধাশ্রমে পরিবারের সদস্যদের সঙ্গে সাদামাটাভাবে দিনটি কাটান তিনি।

ইথেলের জন্ম ১৯০৯ সালের ২১ আগস্ট, ইংল্যান্ডের শিপটন বেলিংগার গ্রামে—প্রথম বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পাঁচ বছর আগে। তিনি বর্তমানে যুক্তরাজ্যের রাজা এডওয়ার্ড সপ্তমের শাসনামলে জন্ম নেওয়া জীবিত থাকা সর্বশেষ ব্যক্তি।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অনুসারে, এখন পর্যন্ত সর্বাধিক সময় বেঁচে ছিলেন ফরাসি নারী জেন ক্যালমেন্ট। ১৯৯৭ সালে মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ১২২ বছর ১৬৪ দিন। ইথেলের আগে প্রবীণতম মানুষের খেতাবধারী ছিলেন ব্রাজিলের নান ইনাহ ক্যানাবারো লুকাস। গত এপ্রিলে ১১৬ বছর বয়সে তাঁর মৃত্যু হয়। এরপর ইথেলকে বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষ হিসেবে ঘোষণা করে যুক্তরাষ্ট্রভিত্তিক জেরন্টোলজিক্যাল রিসার্চ গ্রুপ (জিআরসি) ও লনজেভিকুয়েস্ট ডাটাবেস।

ইথেলের জন্মদিন উপলক্ষে বৃদ্ধাশ্রম কর্তৃপক্ষ জানিয়েছে, এ বছরও তিনি বিশ্বের নানা প্রান্ত থেকে শুভেচ্ছা ও ভালোবাসা পেয়েছেন। তবে জন্মদিনে তিনি কোনো সাক্ষাৎকার দেবেন না।

গত বছর ১১৫তম জন্মদিনে রাজা তৃতীয় চার্লস তাঁকে অভিনন্দন জানিয়ে চিঠি পাঠিয়েছিলেন। এবারের জন্মদিনে নিজের দীর্ঘায়ুর রহস্য সম্পর্কে ইথেল সংক্ষেপে বলেন, “কখনো কারও সঙ্গে বিতণ্ডা নয়। মানুষের কথা শুনি, আর যা পছন্দ তাই করি।”

ইত্তেফাক/এএম