পাঁচ মাস পর বসছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের সভা। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের বিসিবি কার্যালয়ে আজ বিকেল ৩টায় শুরু হবে বিসিবির ষষ্ঠ বোর্ড সভা। সর্বশেষ গত ২ ফেব্রুয়ারি পঞ্চম বোর্ড সভায় বসেছিলেন বিসিবির পরিচালকরা।
লম্বা বিরতির পর আজ অনুষ্ঠিত হবে বোর্ড সভা। নানা কারণে তাই সভাটি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। গত ২৪ জুলাই বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন, আজকের বোর্ড সভায় চূড়ান্ত হবে বাংলাদেশ জাতীয় দলের পরবর্তী বোলিং কোচের নাম। বিশ্বকাপের পরপরই এই পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন ক্যারিবিয়ান কিংবদন্তি কোর্টনি ওয়ালশ। নতুন কেউ নিয়োগ না পাওয়ায় চলমান শ্রীলঙ্কা সফরে ভারপ্রাপ্ত বোলিং কোচ হিসেবে কাজ করছেন চম্পকা রমানায়েকে। কোচিং স্টাফদের মধ্যে নতুন ফিজিও নিয়োগের বিষয়েও সিদ্ধান্ত আসতে পারে আজ। তবে সহসা হেড কোচ নিয়োগ সম্পর্কে খবর মিলবে না।
বাংলাদেশ দলের বিশ্বকাপ পারফরম্যান্স নিয়ে আলোচনা হবে বোর্ড সভায়। বিসিবি সভাপতির মতে, সফল ছিল বিশ্বকাপ মিশন। যদিও কাঙ্ক্ষিত টার্গেট তথা সেমিফাইনালে খেলতে পারেনি মাশরাফির দল। তাই পরিচালকদের আলোচনায় নিশ্চিতভাবেই উঠে আসবে টাইগারদের বিশ্বকাপের পারফরম্যান্স।
শুধু বোলিং কোচ ঠিক করাই নয়, আজকের সভায় জাতীয় দলের নির্বাচকদের ভাগ্য নির্ধারণও হবে। গুঞ্জন আছে নির্বাচক কমিটিতে পরিবর্তন আসতে পারে। মিনহাজুল আবেদীন নান্নু, হাবিবুল বাশারকে নিয়ে গঠিত কমিটির সঙ্গে বিসিবির চুক্তির মেয়াদ শেষ হয়েছে গত ৩০ জুন। তারপর চুক্তির মেয়াদ বাড়ানো হয়নি। তবে নিয়মিত কাজ করে গেছেন দুই নির্বাচক। গত ২৪ জুলাই বিসিবি সভাপতিই নিশ্চিত করেছিলেন, বোর্ড সভায় আজ নির্বাচকদের নিয়ে আলোচনা হবে।
