ইনজুরি নিয়ে দুশ্চিন্তায় রিয়াল

আপডেট : ২৬ জুলাই ২০১৯, ২১:০৮

লা লিগার নতুন মৌসুম শুরু হতে আর মাত্র সপ্তাহ তিনেক বাকি। এর আগে একের পর এক ইনজুরির আক্রমণে দুশ্চিন্তায় আছেন রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান।

রিয়ালের ইনজুরি মিছিলে যোগ হওয়া নতুন ফুটবলার হলেন ফ্রান্সের ফারল্যান্ড মেন্ডি। গেল বৃহস্পতিবার ক্লাবটি নিশ্চিত করেছে যে, এই লেফট-ব্যাক কাফ মাসলের ইনজুরিতে পড়েছেন। এই জুলাইয়েই স্প্যানিশ ক্লাবটিতে যোগ দিয়েছেন মেন্ডি। আর ৫০ মিলিয়ন ইউরোর বিনিময়ে রিয়ালে আসা ২৪ বছর বয়সি মেন্ডিকে মাসখানেক মাঠের বাইরে থাকতে হবে বলে জানিয়েছে স্প্যানিশ গণমাধ্যম এএস।

রিয়ালের ইনজুরির চাপ আরো আছেন। আগে কুচকির ইনজুরিতে পড়েছেন মিডফিল্ডার মার্কো অ্যাসেনসিও। উইঙ্গার ব্রাহিম দিয়াজও পড়েছেন উরুর ইনজুরিতে। ফলে, কোচ জিদানের কপালে তাই দুশ্চিন্তার ভাঁজ।

আগামী ১৭ আগস্ট সেল্টা ভিগোতে অ্যাওয়ে ম্যাচ দিয়ে লা লিগা মৌসুম শুরু করবে রিয়াল মাদ্রিদ। এর আগে মৌসুম পূর্ব সফরে দুটি প্রীতি ম্যাচ রয়েছে ক্লাবটির। যার প্রথমটি অনুষ্ঠিত হবে আজ শনিবার যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে। প্রতিপক্ষ আরেক লা লিগা জায়ান্ট অ্যাটলেটিকো মাদ্রিদ।

অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচের আগে কোচ জিদান বলেন, ‘এটা আমাকে অবশ্যই দুশ্চিন্তায় ফেলেছে। সবচেয়ে বড় ব্যাপার হলো এখন এটা নিয়ে আমাকে ভাবতেও হচ্ছে। আমি দলকে নিয়ে এসেছি মৌসুম শুরুর আগে প্রস্তুতি পর্ব সারতে। এখন ইনজুরি নিয়ে ভাবনায় পড়াটা মোটেই কোনো ভালো ব্যাপার নয়।’

বিশেষ করে মার্কো অ্যাসেন্সিও’র ইনজুরিটা বেশি ভাবাচ্ছে রিয়ালকে। লিগামেন্ট ছিড়ে যাওয়ায় স্প্যানিশ এই তারকাকে নয় মাস মাঠের বাইরে থাকতে হবে। ফলে, কোনো সন্দেহ ছাড়াই বলা যায়, আসছে মৌসুমে অ্যাসেন্সিওর ফেরার সম্ভাবনা খুবই সামান্য। এখনো জানি না, মার্কোর বদলি হিসেবে কে খেলবেন। মার্কো এমন একজন খেলোয়াড় যার বিকল্প আসলে খুব কষ্টে খুঁজে বের করতে হবে। তাই মার্কোর ইনজুরিতে আমরা সত্যিই ভেঙে পড়েছি।’

জিদান এর আগে বেশ কয়েকবার মন্তব্য করেছিলেন যে গ্যারেথ বেলের সাথে রিয়াল মাদ্রিদের সম্পর্ক ছিন্ন হতে চলেছে। যদিও, ইনজুরির কারণে অন্তত এই মৌসুমটা রিয়াল গ্যারেথ বেলকে রেখে দেবে কি না? - এই প্রশ্নের জবাবে অবশ্য জিদান কোনো মন্তব্য করতে নাকোচ করে দিয়েছেন।