স্বাস্থ্য কমপ্লেক্সের পরিত্যক্ত কোয়ার্টার যেন মাদকসেবীদের নিরাপদ স্থান

আপডেট : ২২ আগস্ট ২০২৫, ১৫:৩১

শেরপুরের নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে একটি পরিত্যক্ত কোয়ার্টার ভবন এখন মাদকসেবীদের নিরাপদ আড্ডাখানায় পরিণত হয়েছে। রাত নামলেই ভবনটিতে শুরু হয় মাদক সেবন, জুয়া ও বিভিন্ন অসামাজিক কার্যকলাপ। তিনতলা বিশিষ্ট ভবনটিতে এক সময় কর্মকর্তা-কর্মচারীরা থাকলেও বর্তমানে এটি সম্পূর্ণ পরিত্যক্ত অবস্থায় রয়েছে, আর সেই সুযোগেই দখল নিয়েছে মাদকসেবীরা।

সরেজমিনে পরিত্যক্ত ভবনটিতে গিয়ে দেখা যায়, প্রতিটি কক্ষে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মদের বোতল, সিগারেটের খালি প্যাকেট, ইয়াবার প্যাকেটসহ নানা মাদকদ্রব্যের আলামত। মেয়েদের পোশাক, যৌনকর্মে ব্যবহৃত সামগ্রীও সেখানে দেখা গেছে, যা স্পষ্ট করে যে এখানে দীর্ঘদিন ধরে অসামাজিক কর্মকাণ্ড চলছে।

স্থানীয়রা জানান, রাত হলেই দলবেঁধে আসছে মাদকসেবীরা। কখনও হাসপাতালের পেছনের ফাঁকফোকর দিয়ে, আবার বেশিরভাগ সময়েই হাসপাতালের মূল গেট দিয়েই ভবনে প্রবেশ করে তারা। অথচ হাসপাতাল কর্তৃপক্ষ এ বিষয়ে কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন, অনেক দিন ধরেই এসব চলে আসছে। এই পরিত্যক্ত কোয়ার্টারটাই এখন মাদকসেবীদের নিরাপদ ঠিকানা হয়ে গেছে।

স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য রুহুল সিদ্দিকী রুমান বলেন, হাসপাতালের পেছনের এই ভবনে নিয়মিত মাদক সেবনের আলামত মিলছে। প্রচুর মেয়েদের পোশাক ও সরঞ্জাম পড়ে আছে, অথচ হাসপাতাল কর্তৃপক্ষ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কিছুই জানায়নি বলে মনে হয়।

‘মানব কল্যাণ সংস্থা (ইনসাফ)’–এর চেয়ারম্যান হাবিবুল্লাহ পাহাড়ী বলেন, এখানে যা চলছে তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমাদের ধারণা, হাসপাতালের কারও না কারও অজান্তে এটি সম্ভব নয়। এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (টিএইচও) ডা. তৌফিক আহমেদের উপস্থিতিতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে স্বেচ্ছাসেবী সংগঠন ও শিক্ষার্থীরা অংশ নেন। সভায় সবাই মাদক ও অসামাজিক কার্যক্রম বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

স্বেচ্ছাসেবী সংগঠন ও গণমাধ্যমকর্মীরা জানিয়েছেন, আগামী ২৬ আগস্ট হাসপাতালের এসব অনিয়ম ও অব্যবস্থাপনার বিরুদ্ধে গণসুনানি আয়োজন করা হবে। তারা হাসপাতাল কর্তৃপক্ষকে আলটিমেটামও দিয়েছে। প্রয়োজনে আন্দোলনে যাওয়ার কথাও জানানো হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌফিক আহমেদ বলেন, বিষয়টি আমরা সর্বশেষ আইনশৃঙ্খলা কমিটির সভায় তুলেছি। পুলিশকে ওই জায়গায় নিয়মিত টহলের জন্য অনুরোধ করা হয়েছে।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, এর আগেও আমরা ওই স্থান থেকে অসামাজিক কার্যকলাপের দায়ে ২ জনকে আটক করে আদালতে পাঠিয়েছি। মাদক বিরোধী অভিযান নিয়মিতই চলছে।

ইত্তেফাক/এএইচপি