ক্ষেপণাস্ত্র পরীক্ষা ‘দক্ষিণ কোরীয় যুদ্ধবাজদের জন্য একটি হুঁশিয়ারি’

আপডেট : ২৬ জুলাই ২০১৯, ২১:০৯

ক্ষেপণাস্ত্র পরীক্ষার একদিন পর উত্তর কোরিয়া বলেছে, দক্ষিণ কোরিয়ার ‘যুদ্ধবাজদের’ অস্ত্র আমদানি এবং বিভিন্ন দেশের সঙ্গে যৌথ মহড়া বন্ধে হুঁশিয়ারি স্বরূপ ওই পরীক্ষা চালানো হয়েছে। শুক্রবার দেশটির শীর্ষ নেতা কিম জং উনের দেওয়া এই সতর্কবার্তায় যুক্তরাষ্ট্রের দিকেও ইঙ্গিত করা হয়েছে।

কিমের উপস্থিতিতে বৃহস্পতিবার দুটি স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কিমের গত মাসের সাক্ষাতে পারমাণবিক নিরস্ত্রীকরণ নিয়ে নতুন আলোচনা শুরুর ইঙ্গিতের পর পিয়ংইয়ং এ প্রথম কোনো ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল। কিমকে উদ্ধৃত করে উত্তর কোরীয় বার্তা সংস্থা কেসিএনএ বলেছে, ‘আমাদের দেশের নিরাপত্তায় দক্ষিণের যে সরাসরি ও সম্ভাব্য হুমকি বিদ্যমান তা উপড়ে ফেলতে ধারাবাহিক অত্যাধুনিক-শক্তিশালী অস্ত্র ব্যবস্থাপনা গড়ে তোলা ছাড়া উপায় নেই।’ দক্ষিণ কোরিয়া শান্তি আলোচনাকে সমর্থন জানালেও একই সঙ্গে অস্ত্র আমদানির মাধ্যমে ‘দ্বৈত আচরণ’ করছে বলেও অভিযোগ করেন কিম। তিনি বলেন, দক্ষিণ কোরিয়ার নেতাদের এ ধরনের আত্মঘাতী কর্মকাণ্ড বন্ধ করা উচিত্ এবং ‘সতর্কবার্তা এড়িয়ে যাওয়ার মতো ভুল করা উচিত্ নয়।’

প্রতিশ্রুত অর্থনৈতিক সহযোগিতা কিংবা শান্তিচুক্তি নিয়ে দক্ষিণ কোরিয়ার ভূমিকায় হতাশ পিয়ংইয়ং সমপ্রতি যুক্তরাষ্ট্রের কাছ থেকে সিউলের অত্যাধুনিক স্টিলথ এফ-৩৫ জঙ্গিবিমান ক্রয় ও দুই দেশের যৌথ সামরিক মহড়ায়ও নাখোশ। গত বছরের জুনে সিঙ্গাপুরে কিমের সঙ্গে ঐতিহাসিক প্রথম বৈঠকে ট্রাম্প ওই যৌথ মহড়া বন্ধের প্রতিশ্রুতি দিয়েছিলেন। ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে করা প্রতিবেদনে কেসিএন ট্রাম্প বা যুক্তরাষ্ট্রের নাম উল্লেখ না করলেও এটাকে যুক্তরাষ্ট্রের জন্যও এক ধরনের সতর্কবার্তা হিসেবে দেখছেন পর্যবেক্ষকরা। হ্যানয়ে চলতি বছরের ফেব্রুয়ারিতে ওয়াশিংটন-পিয়ংইয়ং শীর্ষ বৈঠক ভেস্তে যাওয়ার পর জুনে ডিমিলিটারাইজ জোনে ট্রাম্প-কিমের সাক্ষাত্ নিরস্ত্রীকরণ নিয়ে নতুন আশা জাগালেও স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা তাতে কালোছায়া ফেলবে, ধারণা তাদের।

বৃহস্পতিবার স্থানীয় সময় ভোর ৫টা ৩৪ মিনিট ও ৫টা ৫৭ মিনিটে  দুটি ক্ষেপণাস্ত্র জাপান সাগরের দিকে ছোড়া হয় বলে জানায়  দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস্ অব স্টাফ (জেসিএস)। ওই ক্ষেপণাস্ত্র দুটি পিয়ংইয়ংয়ের আগের উেক্ষপণ করা ক্ষেপণাস্ত্রগুলোর মতোই ৬০০ কিলোমিটারের মতো পথ পাড়ি দেয়। তবে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলছেন, বৃহস্পতিবার পিয়ংইয়ং যে স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্রগুলোর পরীক্ষা চালিয়েছে তা নতুন ধরনের।