তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন যুক্তরাষ্ট্র যদি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রি না করে তাহলে অন্য দেশ থেকে যুদ্ধবিমান ক্রয় করবে তারা। তিনি বলেন, তুরস্ক তাদের যুদ্ধবিমানের চাহিদা পূরণ করবে, যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের কারণে বসে থাকবে না।
গত সপ্তাহে রাশিয়ার কাছ থেকে এস-৪০০ মিসাইল সিস্টেম কেনার কারণে তুরস্কের কাছে যুদ্ধবিমান বিক্রি করবে না বলে জানায় যুক্তরাষ্ট্র। এমনকি তুরস্কের ওপর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দেয় যুক্তরাষ্ট্র। এব্যাপারে গতকাল একে পার্টির নেতাদের সাথে বৈঠকে এরদোগান বলেন, যুক্তরাষ্ট্র এফ-৩৫ বিক্রি না করলে অন্য দেশ থেকে যুদ্ধবিমান কিনবে তুরস্ক। তিনি সতর্ক করে দেন এফ-৩৫ না পেলেও আমরা যুক্তরাষ্ট্রের কাছ থেকে ১ শত বোয়িং বিমান কিনছি। আমরা টাকাও দিচ্ছি, আমরা ভালো ক্রেতা। যুক্তরাষ্ট্র এ ধরনের আচরণ চালিয়ে গেলে আমরা বোয়িং কেনার বিষয়টি পুনর্বিবেচনা করব।
এদিকে রাশিয়া বলেছে তুরস্ক চাইলে তাদের কাছে এসইউ-৩৫ জেট বিক্রি করবে রাশিয়া। তবে তুরস্ক জানিয়েছে এব্যাপারে মস্কোর সাথে এখনো তাদের কোনো আলোচনা হয়নি।
কয়েকটি ইস্যুতে যুক্তরাষ্ট্রের সাথে তুরস্কের বন্ধন শিথিল হয়েছে। সিরিয়ায় কুর্দিদের সহায়তা করছে যুক্তরাষ্ট্র যা তুরস্ক ভালোভাবে নিচ্ছে না। তুরস্ক বলেছে নিরাপদ অঞ্চল নিয়ে সমঝোতা না হলে উত্তর সিরিয়ায় কুর্দি যোদ্ধাদের নির্মূল করতে অভিযান চালাবে তুরস্ক।
