যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে বাবা-ভাইসহ চারজনকে গুলি করে হত্যা করেছে এক ব্যক্তি। এতে আহত হয়েছে আরো দুই জন। বুধবার দিবাগত রাত থেকে শুরু করে পরদিন দুপুর পর্যন্ত এসব হত্যাকাণ্ড চালায় গ্যারি ডিন জারাগোজা নামের ওই ব্যক্তি। এরইমধ্যে তাকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত জেরি জারাগোজার বিরুদ্ধে বাবা ও ভাইকে গুলি করে হত্যা এবং মাকে গুলিবিদ্ধ করার অভিযোগ আনা হবে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ জানায়, লস অ্যাঞ্জেলেসের ক্যানগা পার্কে একটি অ্যাপার্টমেন্টে ঐ দিন রাত ২টার দিকে গোলাগুলি শুরু হয়। সন্দেহভাজন ওই যুবক বাবা-মায়ের সঙ্গে ওই অ্যাপার্টমেন্টে থাকতেন। সেখান থেকে বেরিয়ে প্রায় ৪৫ মিনিট পর তিনি নর্থ হলিউডের একটি গ্যাস স্টেশনে এক নারীকে গুলি করে হত্যা করেন। নিহত এই নারীর সঙ্গে তার কি সম্পর্ক ছিল তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে কয়েকটি সংবাদমাধ্যমে নিহত ওই নারী জারাগোজার সাবেক মেয়েবন্ধু বলে জানিয়েছে।
ওই সময় জারাগোজা গ্যাস স্টেশনের এক কর্মীকেও পাঁচবার গুলি করেন তিনি। গুরুতর আহত ওই ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক। সেখান থেকে বেরিয়ে সকাল পৌনে ৮টার দিকে একটি এটিএম মেশিন থেকে চুরি করার সময় এক মালি তাকে বাধা দিলে জারাগোজা তাকেও গুলি করে পালিয়ে যান। দুপুর ১টার দিকে তিনি প্রতিবেশী ভন নাইচ এলাকায় বাসে এলোপাতাড়ি গুলি চালিয়ে এক ব্যক্তিকে হত্যা করেন।
