খাশোগি হত্যায় যুবরাজের সংশ্লিষ্টতা নিয়ে নিশ্চিত হলেন মার্কিন সিনেটররা

আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৮, ০০:৪৬

ওয়াশিংটন পোস্ট পত্রিকার সাংবাদিক জামাল খাশোগির হত্যায় সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের জড়িত থাকার বিষয়ে আরো নিশ্চিত হলেন শীর্ষ মার্কিন সিনেটররা। গতকাল মঙ্গলবার সিআইএ প্রধান জিনা হাসপেলের ব্রিফিংয়ের পর কয়েকজন সিনেটর এই মন্তব্য করেন। জিনা হাসপেল খাশোগি হত্যা নিয়ে সিনেটের বিভিন্ন কমিটির নেতাদের ব্রিফ করেন। সিনেটর বব মেন্দেজ ব্রিফিং কক্ষ থেকে বরে হয়ে সাংবাদিকদের বলেন, আমি আগে ভাসাভাসা জানতাম, কিন্তু এবার নিশ্চিত হলাম যে খাশোগি হত্যায় যুবরাজ জড়িত। গত ২ অক্টোবর তুরস্কের সৌদি আরবের কনস্যুলেটে হত্যার শিকার হন খাশোগি। হত্যার ঘটনা স্বীকার করলেও যুবরাজ জড়িত নয় বলে জানিয়েছে সৌদি আরবের সরকার। এমনকি প্রেসিডেন্ট ট্রাম্পও বলেছেন, যুবরাজের জড়িত থাকার বিষয়টি সিআইএ তদন্তে উল্লেখ নেই। - রয়টার্স