ইমপ্যাক্ট প্লেয়ার নয়, যতদিন খেলবো সিংহের মতো খেলবো: কোহলি

আপডেট : ২৩ আগস্ট ২০২৫, ১৪:২৮

টেস্ট ও টি-টোয়েন্টি সংস্করণ থেকে অবসর নিয়েছেন ভারতের কিংবদন্তি ব্যাটার বিরাট কোহলি। তবে এখনও চালিয়ে যাচ্ছেন ওয়ানডে। ৫০ ওভারের ক্রিকেট থেকে অবসরের গুঞ্জন থাকলেও তা উড়িয়ে প্রস্তুতি নিতে শুরু করেছেন কিং কোহলি।

এরই মাঝে আইপিএল দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সতীর্থ স্বস্তিক চিকারা জানিয়েছেন, কোহলি তাকে বলেছেন- যতদিন ফিট থাকবেন, ততদিন ক্রিকেট খেলবেন এবং কখনোই ইমপ্যাক্ট প্লেয়ার হয়ে মাঠে নামবেন না।

আইপিএলে কয়েক মৌসুম ধরেই ইমপ্যাক্ট প্লেয়ার দেখা যাচ্ছে। একাদশের বাইরে থাকা প্লেয়ারকে হুট করে নামিয়ে দেওয়া হয়। ‘রেভস্পোর্টজ’কে দেওয়া এক সাক্ষাৎকারে স্বস্তিক বলেন, ‘বিরাট ভাই আমাকে বলেছিলেন, “যতদিন ক্রিকেট খেলবো, সিংহের মতোই খেলবো। পুরো ২০ ওভার মাঠে ফিল্ডিং করবো, তারপর ব্যাটিং করবো। যেদিন কেবল ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নামতে হবে, সেদিন ক্রিকেট ছেড়ে দেবো”।’

সর্বশেষ আসরে আইপিএলের শিরোপা জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এই আসরে ব্যাট হাতে দুর্দান্ত ছিলেন কোহলি। ১৫ ম্যাচে করেন ৬৫৭ রান। শিরোপাজয়ী দলের সর্বোচ্চ রান সংগ্রাহকও ছিলেন তিনি। ফাইনালে পাঞ্জাব কিংসের বিপক্ষে খেলেন ৩৫ বলে ৪৩ রানের ইনিংস, যা বেঙ্গালুরুর ইতিহাস গড়া শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ইত্তেফাক/জেডএইচ