২-১ সপ্তাহে পাওয়ার হিটিং শেখা যাবে না: উড

আপডেট : ২৩ আগস্ট ২০২৫, ১৭:৩২

আসন্ন এশিয়া কাপের আগে জুলিয়ান উডকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মূল লক্ষ্য পাওয়ার হিটিংয়ে উন্নতি করা। ক্রিকেটারদের সঙ্গে কাজও করেছেন এই ইংলিশ কোচ। তবে মাত্র দুই কিংবা এক সপ্তাহের মধ্যেই পাওয়ার হিটিং আয়ত্ত্ব করা সম্ভব নয় বলে জানিয়েছেন উড।

শনিবার (২৩ আগস্ট) সিলেটে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে উড বলেন, ‘একটা মিথ আছে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে পাওয়ার নেই। আপনি যদি ওয়েস্ট ইন্ডিজের দিকে তাকান তাহলে শারীরিকভাবে একটু বড় গড়নের, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের ক্রিকেটাররা শক্তিশালী। বাংলাদেশের ছেলেরা শারীরিক গঠনের দিক থেকে একটু ছোট কিন্তু তাদের পাওয়ার আছে। আমাকে বিশ্বাস করুন, তাদের যথেষ্ট পাওয়ার আছে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আপনি পাওয়ারটাকে কিভাবে ব্যবহার করবেন। আপনাকে জানতে হবে পাওয়ারকে আপনি কিভাবে একসেস করবেন।’

তিনি আরও বলেন, ‘ছেলেরা এখন যেভাবে খেলছে, এটা আসলে একটা প্রক্রিয়ার ব্যাপার। এক কিংবা দুই সপ্তাহের মধ্যেই হয়ে যাবে ব্যাপারটা এমন না। আপনি হয়ত কিছুটা পার্থক্য দেখতে পারবেন। যেটা বললাম এটা একটা প্রসেস। আপনাকে বুঝতে হবে এবং প্রসেসকে বিশ্বাস করতে হবে।’ 

উড বলেন, ‘যারা একটু ছোট গড়নের তারা বেশিরভাগ সময়ই রিদম, টাইমিং এবং মুভমেন্টের উপর নির্ভর করে। এসব জিনিস যখন ঠিক থাকবে তখন ভেলোসিটি বেড়ে যায়। এটা গুরুত্বপূর্ণ ব্যাপার। তাদেরকে বুঝানো হচ্ছে শরীর এবং হাতের সমন্বয়ে কিভাবে পাওয়ার বাড়াতে হবে।’

বাংলাদেশের ব্যাটারদের দিয়ে পাওয়ার হিটিং হবে না বলেও মনে করেন অনেকে। এ প্রসঙ্গে এই ইংলিশ কোচ বলেন, ‘এই বিষয়টা পুরোপুরি মাইন্ডসেটের উপর নির্ভর করে। এটা আমরা দেখভাল করছি, নিজেদের মধ্যে আলোচনা করছি এবং কাজও করছি। যেটা আগেও বললাম এটা একটা প্রসেস। যারা গ্রুপের বাইরে থাকে তারা অনেক সময়ই বলতে থাকে তারা এটা করতে পারবে না, এটা আসলে তাদের হেল্প করে না।’

তিনি বলেন, ‘আপনি যখন কাউকে বলতেই থাকবেন সে পারবে না, তখন সে বিশ্বাস করতে থাকে সে পারবে না। আমার কাজটা হচ্ছে তাদেরকে টুলস দেওয়া, ওই মাইন্ডসেটটা তৈরি করা এবং তারা যেন মনে করে এটা তারা করতে পারবে। বিশ্বাস করুন তারা সেটা করতে পারবে। আপনার যখন নিজের বিশ্বাস থাকবে তখন সেটা কাজে দেবে। এটা অনেক বড় বিষয়।’

ইত্তেফাক/জেডএইচ